লোকসভা নির্বাচনে কেউ একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না!
ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে কোনো রাজনৈতিক দলের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা নেই।
সিএনএন-আইবিএন, সিডিএস ও দ্য হিন্দু পত্রিকার এক যৌথ সমীক্ষার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।আজ রোববার এ প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
সমীক্ষা প্রতিবেদনে বলা হয়, আসন্ন লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) শক্ত অবস্থানে আছে।
সমীক্ষায় আরও বলা হয়, ৫৪৩ আসনের লোকসভা নির্বাচনে কংগ্রেসের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ পেতে পারে ১৪৯ থেকে ১৫৭টি আসন।আর বিজেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ পেতে পারে ১৭২ থেকে ১৮০টি আসন।এ ছাড়া মায়াবতীর বহুজন সমাজবাদী পার্টি ১৫ থেকে ১৯, বাম দল ২২ থেকে ২৮, মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি ১৭ থেকে ২১, তৃণমূল কংগ্রেস ২৩ থেকে ২৭, তামিলনাড়ুর জয়ললিতার এআইএডিএমকে ১৬ থেকে ২০, বিহারের নিতীশ কুমারের সংযুক্ত জনতা দল ১৫ থেকে ১৯, ওডিশার নবীন পট্টনায়কের বিজু জনতা দল ১২ থেকে ১৬, অন্ধ্র প্রদেশের ওয়াইএসআর কংগ্রেস ১১ থেকে ১৫, বিহারের লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল ৮ থেকে ১২, অন্ধ্র প্রদেশের চন্দ্রবাবু নাইডুর তেলেগু দেশম ৬ থেকে ১০ ও তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি ৫ থেকে ৯টি আসন পেতে পারে।