ভারতে ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কংগ্রেসের নেতৃত্বাধীন ক্ষমতাসীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ)। তবে বড় ধরনের কোনো প্রাপ্তি থাকবে না ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন বিরোধী জাতীয় গণতান্ত্রিক জোটের (এনডিএ)। গত মঙ্গলবার টাইমস নাউ-এ প্রকাশিত এক জনমত জরিপের ফলাফলে এ তথ্য জানানো হয়।আগামী বছরের লোকসভা নির্বাচন সামনে রেখে একটি টেলিভিশন চ্যানেলের জন্য সিভোটার এ জনমত জরিপ চালায়। জরিপের ফলাফলে আভাস দেওয়া হয়, বড় দুটি জোটের এ পরিস্থিতিতে এসপি, তৃণমূল, এআইএডিএমকে ও ওয়াইএসআর কংগ্রেসের মতো ছোট দলগুলো লাভবান হবে।ফলাফলে বলা হয়, জনসমর্থনের বর্তমান অবস্থা চলতে থাকলে ইউপিএ জোট মাত্র ১২৭টি আসন পেতে পারে। এর মধ্যে কংগ্রেস পেতে পারে ১১৩টি আসন। ২০০৯ সালে ইউপিএ জোট মোট ২০৬টি আসন পেয়েছিল।বিরোধী জোট এনডিএ পেতে পারে ১৮৪টি আসন। এর মধ্যে অন্তত ১৯টি আসন পেতে পারে নিতীশ কুমারের দল জেডি (ইউ)। তবে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের জন্য প্রয়োজনীয় ২৭২টি আসন কোনো জোটেরই পাওয়ার সম্ভাবনা নেই। জরিপের ফলাফল অনুযায়ী, এসপি ৩৫টি, তৃণমূল ও এআইএডিএমকে ২৭টি করে এবং বাম ও বিএসপি ২৬টি করে, জেডি (ইউ) ১৯টি, বিজেডি ১৩টি এবং ওয়াইএসআর কংগ্রেস ১২টি আসন পাবে। তাই পরবর্তী সময়ে কারা সরকার গঠন করবে, তা নির্ধারণে এসব দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। টাইমস অব ইন্ডিয়া।