লোকসভা নির্বাচনে প্রভাব ফেলতে পারে সামাজিক গণমাধ্যম
ভারতের আগামী সাধারণ নির্বাচনে লোকসভার ১৬০টি আসনে সামাজিক গণমাধ্যম ব্যাপক প্রভাব বিস্তার করতে পারে বলে একটি গবেষণায় দেখা গেছে। এর মধ্যে মহারাষ্ট্রে সর্বোচ্চ ২১টি ও গুজরাটে ১৭টি আসন রয়েছে।আইআরআইএস নলেজ ফাউন্ডেশন অ্যান্ড ইন্টারনেট অ্যান্ড মোবাইল অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়া নামের একটি প্রতিষ্ঠান গবেষণাটি করেছে। প্রতিষ্ঠানটি বলেছে, লোকসভার ৫৪৩টি আসনের মধ্যে ১৬০টি আসন রয়েছে, যেগুলো সামাজিক গণমাধ্যমের মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে।উচ্চ প্রভাবিত এই আসনগুলোতে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা গত লোকসভা নির্বাচনে সবচেয়ে কম ভোট পেয়ে বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটের চেয়ে বেশি অথবা মোট ভোটারের ১০ শতাংশের সমান।উত্তর প্রদেশে এ রকম সামাজিক গণমাধ্যমে উচ্চ প্রভাবিত ১৪টি, কর্ণাটকে ১২টি, তামিলনাড়ুতে ১২টি, অন্ধ্র প্রদেশে ১১টি ও কেরালায় ১০টি আসন রয়েছে। এ ছাড়া মধ্যপ্রদেশে নয়টি, দিল্লিতে সাতটি এবং হরিয়ানা, পাঞ্জাব ও রাজস্থানে পাঁচটি করে এ ধরনের আসন রয়েছে। চারটি করে উচ্চ প্রভাবিত আসন রয়েছে বিহার, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গে।এর বাইরে গবেষণায় মধ্য প্রভাবিত ৬৭টি আসনও শনাক্ত করা হয়েছে। আর বাকি আসনগুলোকে চিহ্নিত করা হয়েছে নিম্ন প্রভাবিত আসন হিসেবে। যেসব আসনে একজন ফেসবুক ব্যবহারকারীর মাধ্যমে আরেকজন (ফেসবুক ব্যবহার করছেন না) প্রভাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে, সেই আসনগুলো মধ্য প্রভাবিত আসন হিসেবে ধরা হয়েছে। আর ৬০টি নিম্ন প্রভাবিত এবং বাকি ২৫৬টি প্রভাবিত নয় এমন আসন হিসেবে ধরা হয়েছে। পিটিআই।