লোকসভা নির্বাচনের ভোট গণনা শুরু
ভারতে ষোড়শ লোকসভা নির্বাচনের ভোট গণনা আজ স্থানীয় সময় সকাল আটটায় শুরু হয়েছে। গত ৭ এপ্রিল থেকে শুরু হয় ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভার ৫৪৩ আসনের ভোট গ্রহণ। ভোট নেওয়া হয় ভারতের ২৯টি রাজ্য ও সাতটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৪৩টি আসনের। ভোট গ্রহণ করা হয় নয় লাখ ৩০ হাজার ভোটকেন্দ্রে। নয় দফার এই ভোট গ্রহণ পর্ব শেষ হয় ১২ মে। আজ এই নির্বাচনের ফল গণনা শুরু হয়েছে গোটা দেশের ৯৮৯টি গণনা কেন্দ্রে। এই গণনায় ভাগ্য নির্ধারিত হবে আট হাজার প্রার্থীর। ভারতের ইতিহাসে এবারই রেকর্ডসংখ্যক ৬৬ দশমিক ৪ শতাংশ ভোট পড়ে। ভোটারসংখ্যা ছিল ৮০ কোটি ১৪ লাখ। ভোট দেন ৫৫ কোটি ১০ লাখ ভোটার।
এবার ভোট নেওয়া হয়েছে ১৮ লাখ ৭৮ হাজার ৩০৬টি ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। আজকের ভোট গণনা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, এ লক্ষ্যে গণনা কেন্দ্রের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিয়োগ করা হয়েছে ১৩ হাজার ৬২৬ জন নিরাপত্তাকর্মী। থাকছে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী, র্যাফ ও রেডিও ফ্লাইং স্কোয়াডও। প্রতিটি ভোটকেন্দ্রেই থাকছে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা। গণনা কেন্দ্রের ১০০ মিটারের মধ্যে ১৪৪ ধারা আইন জারি থাকছে। থাকছে সিসিটিভি ও ভিডিওগ্রাফির ব্যবস্থা। আজ ভোট গণনায় যাঁদের ভাগ্য নির্ধারিত হবে, তাঁদের মধ্যে রয়েছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি। তিনি লড়েছেন দুটি আসনে গুজরাটের ভদোদরা ও উত্তর প্রদেশের বারানসি আসনে। এছাড়া রাহুল গান্ধী (আমেথি), সোনিয়া গান্ধী (রায়বেরিলি, রাজনাথ সিং (লক্ষৌ), এলকে আদভানি (গান্ধি নগর), অরবিন্দ কেজরিওয়াল (বারানসি), মুলায়ম সিং যাদব (এটাওয়া), অরুণ জেটলি (অমৃতসর), কপিল সিবাল (চাঁদনি চক), হেমা মালিনী (মথুরা), মিলিন্দি দেওরা (দক্ষিণ মুম্বাই), নিতীন গাডকরি (নাগপুর), সুশীল কুমার সিন্ডে (সোলাপুর), সুপ্রিয়া সুলে (বারামতি), ফারুক আবদুল্লাহ (শ্রীনগর), রাবরি দেবী (সারন)। আর পশ্চিমবঙ্গে যাঁদের ভাগ্য নির্ধারিত হবে তাঁদের মধ্যে উলেখযোগ্য রয়েছেন: অধীর চৌধুরী ও ইন্দ্রনীল সেন (বহরমপুর), তাপস পাল ও সত্যব্রত মুখার্জি (কৃষ্ণনগর), তপন সিকদার, অসীম দাশগুপ্ত ও সৌগত রায় (দমদম), সুগত বসু, সমীর আইচ ও সুজন চক্রবর্তী (যাদবপুর), রাহুল সিনহা, সুদীপ বন্দ্যোপাধ্যায়, রূপা বাগচি ও সোমেন মিত্র (উত্তর কলকাতা), শতাব্দী রায় (বীরভূম), মুনমুন সেন ও বাসুদেব আচারিয়া (বাঁকুড়া), সন্ধ্যা রায় ও প্রবোধ পান্ডা (মেদিনীপুর), অভিজিত্ মুখোপাধ্যায় ও মুজাফফর হোসেন (জঙ্গিপুর), দীপা দাসমুন্সী ও মহম্মদ সেলিম (রায়গঞ্জ), দেব ও সন্তোষ কুমার রানা (ঘাটাল), বাপ্পী লাহিড়ী ও কল্যাণ ব্যানার্জি (শ্রীরামপুর), বাবুল সুপ্রিয়, বংশগোপাল চৌধুরী ও দোলা সেন (আসানসোল), পিসি সরকার জুনিয়র, কাকলি ঘোষ দস্তিদার ও মোর্তজা হোসেন (বারাসাত), দীনেশ ত্রিবেদী ও সুভাষিণী আলি (বারাকপুর), বাইচুং ভুটিয়া (দার্জিলিং), অর্পিতা ঘোষ (বালুরঘাট), জর্জ বেকার ও শ্রীদীপ ভট্টাচার্য (হাওড়া) এবং সৌমিত্র রায় ও খগেন মুরমু (মালদহ উত্তর), কপিলকৃষ্ণ ঠাকুর ও দেবেশ দাস (বনগাঁ), ইদ্রিস আলি ও নুরুল হুদা (বসিরহাট), অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আবুল হাসনাত (ডায়মন্ড হারবার) এবং সুলতান আহমেদ ও ছবিরুদ্দিন মোল্লা (উলবেড়িয়া), চৌধুরী মোহন জাটুয়া ও রিঙ্কু নস্কর (মথুরাপুর)।