লোকসভা নির্বাচনে ১১৭ আসনে ভোট শুরু

ভারতের লোকসভা নির্বাচনে ষষ্ঠ পর্বে আজ বৃহস্পতিবার ১১টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের (পদুচেরি) ১১৭ আসনে ভোট শুরু হয়েছে। দ্বিতীয় পর্বে পশ্চিমবঙ্গের ৪২ আসনের মধ্যে ছয়টিতে ভোট নেওয়া হচ্ছে। স্থানীয় সময় সকাল সাতটা থেকে ভোট শুরু হয়।
আজকের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুই হাজার ৭৭ জন প্রার্থী। ভোটার ১৮ কোটি এক লাখ। আজ ভাগ্য নির্ধারিত হবে অনেক মন্ত্রী, সাবেক মন্ত্রী থেকে খেলোয়াড়, চিত্রতারকার মতো শক্তিশালী প্রার্থীর।
উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও সমাজবাদী পার্টির (এসপি) প্রধান মুলায়ম সিং যাদব রাজ্যের মাইনপুরি এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। মুলায়মের আপাত ‘নিরাপদ আসনে’ বড় চ্যালেঞ্জ বিজেপির প্রার্থী সাবেক সেনা কর্মকর্তা শত্রুঘ্ন সিং চৌহান। এই আসনে পৌনে দুই লাখ ঠাকুর সম্প্রদায়ের ভোটার। এদের বড় অংশ যাবে বিজেপিতে। পুরো এলাকায় মুসলিম ভোটারের (যেটি মুলায়মের শক্তির উত্স) সংখ্যা খুব কম, মাত্র ৫০ হাজার। এখানে বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রতিদ্বন্দ্বী সংঘমিত্রা মৌর্য মুলায়মের আরেক অস্বস্তির কারণ। তবে মুলায়মের জন্য স্বস্তি, চৌহানের প্রতি স্থানীয় বিজেপির একাংশের ক্ষোভ।
উত্তর প্রদেশের ফররুখাবাদ আসনে প্রার্থী কংগ্রেসের প্রভাবশালী নেতা পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদ। এই আসনে তাঁর মাথাব্যথার বড় কারণ বিজেপির মুকেশ রাজপুত। এ ছাড়া এসপির রামেশ্বর সিংও তাঁকে ভোগাবেন। গত নির্বাচনে সালমান মাত্র ২৭ হাজার ভোটে জিতেছিলেন।
উত্তর প্রদেশের মথুরা আসন থেকে লড়ছেন ‘স্বপ্নকন্যা’ চিত্রনায়িকা হেমা মালিনী। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বর্তমান সাংসদ রাষ্ট্রীয় লোকদলের প্রধান অজিত সিংয়ের ছেলে জয়ন্ত চৌধুরী। জাঠপ্রধান এই এলাকায় চৌধুরী চরণ সিংয়ের বড় প্রভাব আজও রয়ে গেছে। আছে মুসলিম ভোট। এই দুই সম্প্রদায়ের ভোট জয়ন্ত চৌধুরীর বড় ভরসা। এখানে রাষ্ট্রীয় লোকদলকে সমর্থন দিয়েছে কংগ্রেস। বহুজন সমাজ পার্টির যোগেশ কুমারও শক্ত প্রার্থী। মথুরা আসনে কখনো কোনো নারী প্রার্থী জিততে পারেননি। অতীতের সেই হারের অভিজ্ঞতাকে স্মরণ করে নারী ভোটের দিকে বিশেষ নজর দিয়েছেন হেমা। স্থানীয় বিজেপির একাংশের বিরোধিতা হেমার বিজয়ে বড় বাধা।
তামিলনাড়ুর মইল্যাদুথুরাই আসন থেকে লড়ছেন কংগ্রেসের সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মনি শংকর আয়ার। ছয়বার নির্বাচন করে আয়ার দুবার হেরেছেন আঞ্চলিক এআইডিএমকে ও ডিএমকের কাছে। বিশ্লেষকেরা তাই আয়ারের পথ নিষ্কণ্টক নয় বলেই মনে করছেন।
আরেক আলোচিত প্রার্থী সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও ডিএমকে প্রার্থী এ রাজা। টু-জি কেলেঙ্কারিতে জেরবার রাজার প্রধান প্রতিদ্বন্দ্বী এআইডিএমকের সি গোপালকৃষ্ণান।
মধ্যপ্রদেশের বিদিশা আসনে এবার লড়াই হবে তীব্র। লোকসভায় বিজেপির নেতা সুষমা স্বরাজের বিরুদ্ধে এ আসনে কংগ্রেস থেকে লড়ছেন কেন্দ্রীয় নেতা দিদ্বিজয় সিংয়ের ছোট ভাই লক্ষ্মণ সিং। ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী রাজকুমার প্যাটেলের মনোনয়নপত্র বাতিল হওয়ায় সুষমা তিন লাখ ৮৯ হাজার ভোটের বিশাল ব্যবধানে জেতেন। এবার পরিস্থিতি ভিন্ন। এবার বিদিশার ‘ভূমিপুত্র’ লক্ষ্মণের সঙ্গে জোর প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে তাঁকে।
‘নর্মদা বাঁচাও’ আন্দোলনের জন্য খ্যাত মেধা পাটেকর উত্তর-পূর্ব মুম্বাই আসনে এএপি থেকে প্রার্থী হয়ে এনসিপির বর্তমান সাংসদ সঞ্জয় দিনা পাতিল ও বিজেপির কিরীট সোমাইয়াকে বিরাট চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বিশ্লেষকেরা মনে করেন, বস্তিবাসীদের ভোট টেনে পাতিলের জন্য মেধা বড় বিপত্তি তৈরি করবেন।
রাজস্থানের টংক-সোয়াই মধুপুর আসন থেকে লড়ছেন সাবেক ক্রিকেট খেলোয়াড় মোহাম্মদ আজহারউদ্দিন। এখানে তাঁর প্রতিদ্বন্দ্বী বিজেপির সুখবীর সিং জৌনপুরি। মুসলিম ভোটারদের একটি বড় অংশ রয়েছে এই আসনে। এ ছাড়া আছে মিনা ও গুজর সম্প্রদায়ের ভোট। তবে শুরু থেকেই স্থানীয় কংগ্রেস আজহারের প্রবল বিরোধিতা করছে। এমনকি মুসলিম সম্প্রদায়ের কংগ্রেস সমর্থকেরাও তাঁর বিরুদ্ধে। ফলে আজহারের বেরিয়ে আসা কঠিনই হবে।
পশ্চিমবঙ্গ
গত ১৭ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম পর্বে অনুষ্ঠিত হয় চারটি আসনে নির্বাচন। আসনগুলো হলো—দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার।
আজ নির্বাচন হচ্ছে রায়গঞ্জ, বালুরঘাট, মালদহ (উত্তর), মালদহ (দক্ষিণ), জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ এই ছয়টি আসনে। সব আসনেই তৃণমূল কংগ্রেস, জাতীয় কংগ্রেস, বামফ্রন্ট এবং বিজেপির প্রার্থী রয়েছেন। মোট প্রার্থী ৭৮ জন। এর মধ্যে নারী প্রার্থী মাত্র চারজন।
পশ্চিমবঙ্গে আজ মূলত নির্বাচন হচ্ছে কংগ্রেস ঘাঁটিতে। এই ছয়টি আসনের মধ্যে ২০০৯ সালের নির্বাচনে পাঁচটি আসনে জিতেছিল কংগ্রেস, আর একটিতে বামফ্রন্ট।
পশ্চিমবঙ্গের আজকের এই ভোটে অংশ নিচ্ছেন ৮৩ লাখ ১১ হাজার ২৮৭ ভোটার। তাঁরা ভোট দেবেন নয় হাজার ৭৫৫টি কেন্দ্রে। ভোট নেওয়া হবে নয় হাজার ৭৫৫টি ইলেকট্রনিক ভোটিং মেশিনে। শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার জন্য নিয়োগ করা হয়েছে ২৮৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট নেওয়া হচ্ছে সকাল সাতটা থেকে। চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।
পশ্চিমবঙ্গের ছয়টি লোকসভা আসনের মধ্যে সবারই দৃষ্টি থাকবে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিতের জঙ্গিপুর আসনে। মুসলিম-অধ্যুষিত আসনে এবার তৃণমূল প্রার্থী শেখ নুরুল ইসলাম ও সিপিএমের প্রার্থী মুজাফফর হোসেন শক্ত চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তাঁকে।
রায়গঞ্জ আসনে মূল লড়াই হবে কংগ্রেসের দীপা দাসমুন্সীর সঙ্গে বামফ্রন্টের মহম্মদ সেলিমের।
বালুরঘাটে তৃণমূল প্রার্থী নাট্যব্যক্তিত্ব অর্পিতা ঘোষের বিরুদ্ধে লড়ছেন বামফ্রন্টের বিমল সরকার।
মালদহ উত্তর আসনে ভূমি ব্যান্ড দলের শিল্পী তৃণমূল প্রার্থী সৌমিত্র রায়ের প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের মৌসম বেনজীর নুর।
মালদহ (দক্ষিণ) আসনে কংগ্রেসের আবু হাসেম খান চৌধুরী লড়ছেন বামফ্রন্টের আবুল হাসনাত খানের সঙ্গে।