লোকসভা নির্বাচনের প্রথম পর্বে ভোট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসামের তিনসুকিয়া জেলার নাখরাই গ্রামের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তাঁর হাতে কালি লাগিয়ে দিচ্ছেন একজন নির্বাচনকর্মী। ছবি: রয়টার্স
আসামের তিনসুকিয়া জেলার নাখরাই গ্রামের একটি ভোটকেন্দ্রে ভোট দেওয়ার পর তাঁর হাতে কালি লাগিয়ে দিচ্ছেন একজন নির্বাচনকর্মী। ছবি: রয়টার্স

ভারতের লোকসভা নির্বাচনের নয় পর্বের ভোটের প্রথম পর্ব আজ সোমবার শুরু হয়েছে। প্রথম দিনে ভোট হচ্ছে ছয়টি আসনে। আসামের মোট ১৪ আসনের মধ্যে পাঁচটি এবং ত্রিপুরার দুটি আসনের মধ্যে একটিতে আজ ভোট হচ্ছে।

এক মাসের বেশি সময় ধরে চলা ভোট উত্সবের শেষ পর্ব আগামী ১২ মে। ভোট গণনা ১৬ মে। সেদিনই জানা যেতে পারে ফলাফল।

আসামের রাজ্য ক্ষমতা বর্তমানে কেন্দ্রের ক্ষমতাসীন দল কংগ্রেসের দখলে। রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। সেখানকার তেজপুর, কোলিয়াবোর, জোড়হাট, ডিব্রুগড় ও লাখিমপুর আসনে আজ ভোট হচ্ছে।

কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি (বিজেপি), তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি (এএপি), অসম গণপরিষদ (এজিপি), কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্ক্সবাদী) বা সিপিআই (এম), অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) এবং সমাজবাদী পার্টিসহ (এসপি) আরও কয়েকটি দলের মোট ৫১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কংগ্রেসের প্রার্থীরা হলেন কেন্দ্রীয় সরকারের বর্তমান আদিবাসীবিষয়ক প্রতিমন্ত্রী রানি নারাহ, কেন্দ্রীয় মন্ত্রী পবন সিং ঘাটোয়ার, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এবং বর্তমান এমএলএ বিজয় কৃষ্ণ হান্ডিক, আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ছেলে সৌরভ গগৈ ও ভূপেন কুমার বোরা।

আর বিজেপির প্রার্থীদের মধ্যে আছেন দলের রাজ্য কমিটির সভাপতি সর্বানন্দ সনোওয়াল ও কামাখ্যা প্রসাদ তাসা। অসম গণপরিষদ থেকে নির্বাচন করছেন অরুণ কুমার শর্মা, প্রদীপ হাজারিকা ও যোসেফ টপ্পো।

আসামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার কমান্ডার হীরা সারানিয়া ওরফে নব কুমার সারানিয়াও নির্বাচন করছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে।

আসামের পাঁচটি আসনে আট হাজার ৫৮৮টি কেন্দ্রে ভোট হচ্ছে। সব কটি কেন্দ্রই ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে। উত্তর-পূর্ব ভারতে এই প্রথমবারের মতো ভোটকেন্দ্র ধূমপানমুক্ত ঘোষণা করা হয়েছে।

আসামে পরের দফায় ১২ এপ্রিল ভোট নেওয়া হবে তিনটি আসনে।

ত্রিপুরা রাজ্যে লোকসভার আসন মাত্র দুটি। এর একটি পশ্চিম ত্রিপুরা আসনে আজ ভোট হচ্ছে। এখানে মোট প্রার্থী ১৩ জন। এই রাজ্যের অন্য আসনটিতে ভোট হবে ১২ এপ্রিল।

পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় মোট আসন ৫৪৩টি। এবার অনুষ্ঠিত হচ্ছে লোকসভার ১৬তম নির্বাচন। দেশটির জনসংখ্যা এখন প্রায় ১২৭ কোটি। এর মধ্যে ভোটার ৮১ কোটি ৪৫ লাখ।

ক্ষমতায় আসতে হলে দলীয় বা জোটগতভাবে কমপক্ষে ২৭২টি আসন কবজা করতে হবে। গত দুই লোকসভা নির্বাচনে জিতে পরপর দুই মেয়াদে ক্ষমতায় আছে কংগ্রেস দলের নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা বা ইউপিএ। তবে এবার ভারতজুড়ে জোরেশোরে বইছে ক্ষমতার পালাবদলের হাওয়া। নির্বাচনের কয়েক মাস আগে থেকে শুরু হওয়া সব কটি জনমত জরিপই আভাস দিয়েছে, ভোটের ফলে পরিষ্কার ব্যবধানে এগিয়ে থাকবে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট বা এনডিএ।

এনডিটিভির সর্বশেষ জনমত জরিপ অনুযায়ী, বিজেপি একাই পেতে পারে ২১৪টি আসন। আর জোটের শরিকদের নিয়ে তারা পেতে পারে ২৫৯ আসন। বিপরীতে কংগ্রেস একা ১০৪ ও জোটসঙ্গী মিলিয়ে ১২৩ আসনে বিজয়ী হতে পারে।

২০০৯ সালে ১৫তম লোকসভা নির্বাচনে কংগ্রেস এককভাবে পেয়েছিল ২০১টি আসন। সেবার প্রধান বিরোধী দল বিজেপি পায় ১১২টি আসন। পরে কয়েকটি আঞ্চলিক দলকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে কংগ্রেস।