লোকসভায় বহুল আলোচিত খাদ্যনিরাপত্তা বিল পাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় গত সোমবার রাতে বহুল আলোচিত ও বিতর্কিত খাদ্যনিরাপত্তা বিল পাস হয়েছে। দেশের দুই-তৃতীয়াংশ মানুষকে নামমাত্র মূল্যে খাদ্য সরবরাহ করা হবে এই কর্মসূচির আওতায়। পরিকল্পনাটি বাস্তবায়নের জন্য এখন পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার অনুমোদন লাগবে।
খাদ্যনিরাপত্তা কর্মসূচির আওতায় ভারতের ৮০ কোটি দরিদ্র লোককে প্রতি মাসে খুব সস্তায় জনপ্রতি পাঁচ কেজি করে খাদ্যশস্য দেওয়া হবে। বিলটির সমর্থনকারীদের বক্তব্য, দেশের ক্ষুধা ও অপুষ্টি দূর করার পথে এটা বিরাট এক পদক্ষেপ। তবে সমালোচকেরা বলছেন, এটা একটা অপব্যয়মূলক পরিকল্পনা, যা দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করবে। কারণ, উচ্চাভিলাষী এই পরিকল্পনা বাস্তবায়ন করতে বছরে ১ দশমিক ৩ ট্রিলিয়ন রুপি ব্যয় হবে। রাজ্য পর্যায়ে কে এই ভর্তুকির টাকা দেবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।
সরকার এক নির্বাহী আদেশের মাধ্যমে গত সপ্তাহ থেকেই এই খাদ্যনিরাপত্তা কর্মসূচি শুরু করে দিয়েছে। তবে এটাকে স্থায়ী রূপ দিতে পার্লামেন্টের অনুমোদন দরকার।
পার্লামেন্টে সোমবার রাতে ভোটের আগে ক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী তাঁর দলের এই জনকল্যাণমূলক কর্মসূচি পাস করার পথ সুগম করতে আইনপ্রণেতাদের প্রতি আহ্বান জানান। তিনি এই কর্মসূচিকে উল্লেখ করেন এমন একটি ‘ক্ষমতায়নের বিপ্লব’ হিসেবে, যা সর্বসম্মত সমর্থনের দাবি রাখে। সোনিয়া বলেন, ‘কিছু মানুষ প্রশ্ন করছেন—এ ধরনের একটি কর্মসূচির জন্য আমাদের যথেষ্ট সম্পদ আছে কি না? আমি বলতে চাই, প্রশ্নটি সম্পদের নয়; এর জন্য আমাদেরকে সম্পদের ব্যবস্থা করতে হবে। আমরা এটা পারি কি না, প্রশ্ন সেটা নয়। আমাদের এটা করতেই হবে।’
উল্লেখ্য, বিশ্বের মোট দরিদ্র জনগোষ্ঠীর এক-তৃতীয়াংশের বাসই জনবহুল ভারতে।
সমালোচকেরা বিলটিকে ভিন্ন দৃষ্টিতে দেখছেন। তাঁদের মতে, আগামী বছর অনুষ্ঠেয় পরবর্তী সাধারণ নির্বাচনের কথা মাথায় রেখে এ কর্মসূচির মাধ্যমে ক্ষমতাসীনেরা রাজনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করছে। প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংসদ মুরলি মনোহর জোশী পার্লামেন্টে সোনিয়া গান্ধীর ভাষণের আগে দেওয়া বক্তব্যে বলেন, ‘এটা খাদ্যনিরাপত্তা নয়, ভোট টানার বিল।’
বিজেপির পাশাপাশি সিপিআই, বিজেডি, আকালিসহ কয়েকটি জাতীয় ও আঞ্চলিক দলের বক্তব্যও ছিল একই রকম। বিলটির ওপর আলোচনা শেষে স্থানীয় সময় রাত সাড়ে আটটার পরে ভোটাভুটি শুরু হয়। ১০টার দিকে লোকসভা বিলটিকে অনুমোদন দেয়। তবে বড় ধরনের পরিবর্তন আনার পরই এটা পাস হয়।
খাদ্যনিরাপত্তা বিলে প্রতি কেজি চাল তিন রুপি এবং গম দুই রুপি দরে সরবরাহ করার প্রস্তাব করা হয়েছে।
বিলটি বাস্তবায়নে ইউপিএ সরকারকে অনেক কঠিন পথ পাড়ি দিতে হয়েছে। প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকার পার্লামেন্টে সমর্থন পেতে ব্যর্থ হলে গত মাসে মন্ত্রিসভা বিশেষ সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করে বিলটিকে অধ্যাদেশ হিসেবে পাস করে। তবে আইনগত বৈধতার জন্য আগামী ৬ সেপ্টেম্বর পার্লামেন্টের চলতি অধিবেশন শেষ হওয়ার আগেই এটা অনুমোদন করে নেওয়ার বাধ্যবাধকতা ছিল। বিবিসি ও টাইমস অব ইন্ডিয়া।