লোকসভার সদস্য হিসেবে শপথ নিলেন মোদি-আদভানি-সোনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধী
নরেন্দ্র মোদি ও সোনিয়া গান্ধী

ভারতের সদ্য নির্বাচিত ১৬তম লোকসভার সদস্য হিসেবে আজ বৃহস্পতিবার শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তাঁর মন্ত্রিসভার সদস্য ও বিজেপির প্রবীণ নেতা এল কে আদভানি এবং কংগ্রেসের সভাপতি সোনিয়া গান্ধী।

আইএএনএসের খবরে বলা হয়েছে, কংগ্রেসের প্রবীণ নেতা কমল নাথের কাছে তাঁরা শপথবাক্য পাঠ করেন। গতকাল বুধবার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি কমল নাথকে অস্থায়ী স্পিকার হিসেবে শপথ পড়ান। আজ শপথবাক্য পাঠ করার সময় প্রধানমন্ত্রী মোদির পরনে ছিল সাদা কুর্তা-পাজামা ও মেলানো কোটি। মোদির পর লোকসভার সদস্য হিসেবে শপথ নেন বিজেপির নেতা আদভানি ও কংগ্রেসের নেতা সোনিয়া গান্ধী। তাঁরা তিনজনই হিন্দিতে শপথ পড়েন।

এই তিন নেতার পর যথাক্রমে বিজু জনতা দলের অর্জুন চরণ শেঠী, ন্যাশনাল পিপলস পার্টির পি এ সাংমা ও কংগ্রেসের বীরেণ সিং শপথ নেন। এঁদের পর মোদির জাতীয় গণতান্ত্রিক মোর্চা (এনডিএ) সরকারের সদস্যরা লোকসভার সদস্য হিসেবে শপথ নেন।

তবে পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ, পানিসম্পদমন্ত্রী উমা ভারতী ও স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন সংস্কৃত ভাষায় শপথ পড়েছেন।