লোকসভায় ধর্ষণবিরোধী বিল
ধর্ষণের দায়ে যাবজ্জীবন কিংবা প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধানসহ গতকাল মঙ্গলবার ভারতের লোকসভায় ধর্ষণবিরোধী বিল উত্থাপন করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সুশীলকুমার সিন্ধে বিলটি উত্থাপন করেন। গত বছরের ১৬ ডিসেম্বর রাজধানী নয়াদিল্লিতে বাসে এক মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হওয়ার পর সারা দেশে বিক্ষোভ হয়। এ সময় ধর্ষণবিরোধী আইন সংশোধনের দাবি ওঠে। গত ৩ ফেব্রুয়ারি এ-সংক্রান্ত একটি অধ্যাদেশ জারি করা হয়। ক্রিমিনাল ল (সংশোধনী) বিল ২০১৩ অনুযায়ী ইন্ডিয়ান পেনাল কোড, কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ইন্ডিয়ান এভিডেন্ট অ্যাক্ট ও প্রোটেকশন চিলড্রেন ফ্রম সেকচুয়াল অফেন্সেস অ্যাক্ট সংসশোধন করা হবে। বিলে ধর্ষণ ও গণধর্ষণের অপরাধে কোনো ব্যক্তিকে ন্যূনতম ২০ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ যাবজ্জীবন দণ্ড দেওয়া হবে। এ ছাড়া একই ধরনের অপরাধে আগেই জড়িত থাকার দায়ে কোনো অপরাধীকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। বিলটি পাস করতে সব পক্ষকে সমর্থন দেওয়ার আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ধে বলেন, ‘চলুন আমরা এর মধ্য দিয়ে ব্রেভ হার্টের প্রতি সম্মান জানাই। সমাজকে জানিয়ে দিই, এ ধরনের আচরণ বরদাস্ত করা হবে না।’ দিল্লিতে গণধর্ষণের শিকার মেডিকেল ছাত্রী (২৩) পরে মারা যান। তাঁকে ব্রেভ হার্ট খেতাব দেওয়া হয়। টাইমস অব ইন্ডিয়া।