লোলা ও মুগলির ব্যয়বহুল বিয়ে
পূর্ব লন্ডনের এসেক্স কাউন্টির ছোট্ট গ্রাম ব্র্যাডওয়েল অন সির একটি বাড়িতে হচ্ছিল বিয়ের অনুষ্ঠান। গানের তালে দুলতে দুলতে বিয়ের আসরে ঢুকল কনে লোলা। পরনে ১৮০০ সোয়ারোভস্কি ক্রিস্টালখচিত বিয়ের ধবধবে সাদা পোশাক। গলায় বহুমূল্যের হার। আসরে টাক্সেডো (ডিনার জ্যাকেট) পরে আগে থেকেই স্মার্ট ভঙ্গিতে দাঁড়িয়েছিল বর মুগলি। মুগলির পাশে গিয়ে দাঁড়াল লোলা। ধুমধাম করে শেষ হলো বিয়ে। আসল খবর হলো, লোলা ও মুগলি দুজনের কেউ মানুষ নয়; এরা কুকুর।লোলার মালিক লুইস হ্যারিস জানালেন, গত বুধবারের ওই বিয়েতে তিনি খরচ করেছেন ২০ হাজার পাউন্ড। ব্রিটেনে এর আগে কোনো পোষা প্রাণীর বিয়েতে এত খরচ করার নজির নেই। লুইস জানিয়েছেন, তাঁর অতি প্রিয় কুকুর লোলার বিয়েতে তিনি কোনো কার্পণ্য করতে চাননি। অলংকার, সাজসজ্জা, ছবি তোলা, সংগীতের আয়োজন, নিরাপত্তা, উপহারসামগ্রী— সবকিছু মিলিয়ে এ বিয়েতে খরচ হয়েছে মোট ২০ হাজার ১৫০ পাউন্ড। লুইস জানিয়েছেন, লোলার একাকিত্ব ঘোচাতে তিনি তার উপযুক্ত ‘একজন’ সঙ্গী খুঁজছিলেন। অবশেষ ইন্টারনেটে তিনি খোঁজ পান মুগলির। ২০০৫ সালে মুগলি ব্রিটেনের সবচেয়ে কুৎসিত কুকুর হিসেবে শিরোপা জিতেছিল। ডেইলি মেইল অনলাইন।