লৌহমানবীর শেষ বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচারকে গতকাল বুধবার শেষ বিদায় জানিয়েছে দেশটির জনগণ। পূর্ণ সামরিক মর্যাদায় তাঁকে শেষ বিদায় জানানো হয়। থ্যাচারের শেষ যাত্রায় শোকে বিহ্বল জনগণের নেতৃত্ব দেন রানি দ্বিতীয় এলিজাবেথ।শেষকৃত্যানুষ্ঠানের জন্য থ্যাচারের মরদেহ ওয়েস্টমিনস্টার থেকে সেন্ট পলস ক্যাথেড্রালে নেওয়ার সময় তাঁর প্রতি শেষ শ্রদ্ধা জানান হাজার হাজার মানুষ। তাঁরা সড়কের উভয় পাশে দাঁড়িয়ে ব্রিটেনের সাবেক এই নেতার প্রতি শ্রদ্ধা জানান। এ সময় অনেকে কান্নায় ভেঙে পড়েন। কেউ কেউ কফিনের প্রতি ফুল ছুড়ে প্রিয় নেতার প্রতি শ্রদ্ধা জানান। ক্যাথেড্রালের পথে যাত্রায় রানির নেতৃত্বে প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনসহ বিশ্বের ১৭০টি দেশের প্রতিনিধিসহ অন্তত দুই হাজার ৩০০ মানুষ অংশ নেন।এই যাত্রায় থ্যাচারের মরদেহবাহী কফিন ব্রিটেনের পতাকায় আচ্ছাদিত ছিল। কফিনের পাশে রাখা একটি কার্ডে লেখা ছিল, ‘প্রিয় মা...সব সময় আমাদের হূদয়ে থাকবে।’ শোকযাত্রা শুরুর প্রায় এক ঘণ্টা পর ওয়েস্টমিনস্টার থেকে ক্যাথেড্রালে পৌঁছে। এ সময় বিখ্যাত ঘড়ি বিগবেন নীরব করে রাখা হয়।থ্যাচারের কফিন ক্যাথেড্রালে পৌঁছার পর পবিত্র বাইবেল পাঠ করেন তাঁর নাতনি আমান্ডা। এরপর বক্তৃতা করেন লন্ডনের বিশপ চারট্রেস। তিনি বলেন, ‘ঝঞ্ঝাময় জীবন ও রাজনৈতিক বিতর্কের পরও থ্যাচার ছিলেন অসাধারণ শান্ত।’থ্যাচারের শেষকৃত্যানুষ্ঠান কেন্দ্র করে লন্ডনে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়। শেষ কৃত্যানুষ্ঠানের পথ ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্তত চার হাজার সদস্য মোতায়েন করা হয়। ১৯৭৯ সাল থেকে ১৯৯০ সাল পর্যন্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন থ্যাচার। কোনো কোনো ক্ষেত্রে কঠোরতার জন্য সমালোচিত ছিলেন থ্যাচার। এ কারণে অনেকে তাঁর প্রতি ক্ষুব্ধ ছিলেন। গতকাল শেষকৃত্যের সময় কিছু মানুষ তাঁর কফিনের প্রতি পীঠ প্রদর্শন করেন। তাঁর কুশপুত্তলিকা তৈরি করেও ক্ষোভ প্রকাশ করা হয়।তবে আধুনিক ব্রিটেনে প্রধানমন্ত্রী হিসেবে থ্যাচারের ভূমিকা ছিল দারুণ গুরুত্বপূর্ণ। তা তাঁর শেষকৃত্যানুষ্ঠানে রানির অংশগ্রহণের বিষয়টি বিবেচনায় নিলে স্পষ্ট হয়। ১৯৬৫ সালে সাবেক প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের পরে এই প্রথম কোনো প্রধানমন্ত্রীর শেষকৃত্যানুষ্ঠানে অংশ নিলেন রানি। সাবেক প্রধানমন্ত্রী জন মেজর, টনি ব্লেয়ার, গর্ডন ব্রাউন ও বিভিন্ন দল-মতের নেতারা শেষকৃত্যানুষ্ঠানে যোগ দেন।ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী থ্যাচার (৮৭) গত ৮ এপ্রিল মারা যান। এএফপি, বিবিসি।