লড়াই চলছেই, আন্তর্জাতিক শান্তি তৎপরতাও জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ সুদানে দুই পক্ষের রক্তক্ষয়ী লড়াই অব্যাহত রয়েছে। মধ্য আফ্রিকার নবীন রাষ্ট্রটিতে সহিংসতা বন্ধে আন্তর্জাতিক তৎপরতাও জোরদার হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বিবদমান দুই পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। এদিকে জাতিসংঘ সেখানে শান্তিরক্ষী বাহিনীর সদস্য দ্বিগুণ করছে।
মালাকাল এলাকায় গতকাল বুধবার সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের ব্যাপক সংঘর্ষ চলে। তথ্যমন্ত্রী মাইকেল মাকেয়ি জানান, মালাকাল শহর বিদ্রোহীরা দখল করে নিয়েছে বলে যে খবর বেরিয়েছে, তা সত্যি নয়। সেখানে দুই পক্ষের মধ্যে লড়াই চলছে। তিনি বলেন, ‘কয়েক দিন আগে বিদ্রোহীদের কাছে হাতছাড়া হওয়া বোর শহর গত মঙ্গলবার সন্ধ্যায় আবার দখল করে নিয়েছে সরকারি বাহিনী। সেখানে পালিয়ে থাকা বিদ্রোহীদের খুঁজে বের করতে অভিযান চলছে।’
জাতিসংঘ আশঙ্কা করছে, দক্ষিণ সুদানের চলমান সহিংসতায় হাজার হাজার মানুষ নিহত হয়েছে। রাজনৈতিক এই সহিংসতা জাতিগত দিনকা ও নুয়ের সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। প্রেসিডেন্ট সালভা কির দিনকা জাতিগত গোষ্ঠীর মানুষ। অন্যদিকে সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচার নুয়ের গোষ্ঠীর সদস্য। তিনিই বিদ্রোহীদের নেতৃত্ব দিচ্ছেন বলে ধারণা করা হয়।
এদিকে বিশ্বের নবীনতম এ দেশে চলমান সংঘাত নিয়ন্ত্রণে আরও শান্তিরক্ষী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে গত মঙ্গলবার রাতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে শান্তিরক্ষীর সংখ্যা বাড়ানোর পক্ষে সিদ্ধান্ত হয়। নতুন সেনা যোগ দিলে দক্ষিণ সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর মোট সদস্যসংখ্যা দাঁড়াবে সাড়ে ১২ হাজারে; যা আগের চেয়ে দ্বিগুণ। দেশটিতে জাতিসংঘের পুলিশ বাহিনীর সদস্যসংখ্যাও ৯০০ থেকে বাড়িয়ে এক হাজার ৩২৩ করা হচ্ছে। নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে আফ্রিকার অন্য দেশে জাতিসংঘের মিশনে থাকা সেনাসদস্যদের সাময়িকভাবে দক্ষিণ সুদানে মোতায়েনের পক্ষেও সিদ্ধান্ত হয়।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন মন্তব্য করেছেন, এই সহিংস পরিস্থিতির সমাধান সামরিকভাবে সম্ভব নয়। তিনি বলেন, ‘এটি একটি রাজনৈতিক সমস্যা। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে এর রাজনৈতিক সমাধানই করতে হবে।’
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কেরির মুখপাত্র জেন সাকি বলেন, কেরি দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির ও বিদ্রোহীদের নেতা রিক মাচারকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। সাকি জানান, ইতিমধ্যে ওই দুজনকে আলোচনার টেবিলে আনার চেষ্টা শুরু করেছেন মার্কিন বিশেষ দূত ডোনাল্ড বুথ।
১৫ ডিসেম্বর এক ‘ব্যর্থ অভ্যুত্থান-চেষ্টার’ পর দক্ষিণ সুদানে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট কির অভিযোগ করেন, তাঁকে ক্ষমতাচ্যুত করতে রিক মাচারের সমর্থকেরা অভ্যুত্থানের চেষ্টা করেন। তবে মাচার এই অভিযোগ অস্বীকার করেছেন। গত জুলাইয়ে ভাইস প্রেসিডেন্ট পদ থেকে মাচারকে সরিয়ে দেন প্রেসিডেন্ট কির। বিবিসি ও এএফপি।