লড়াই থামাতে তালেবান জঙ্গিদের প্রতি কারজাইয়ের আবার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফগানিস্তানের সরকারের বিরুদ্ধে লড়াই থামানোর জন্য তালেবান জঙ্গিদের প্রতি আবারও আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট হামিদ কারজাই। গতকাল রোববার রাজধানী কাবুলে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।হামিদ কারজাই বলেন, ‘আমরা আফগানরা দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করছি।’ শান্তি ফিরিয়ে আনার উদ্যোগ হিসেবে গত সপ্তাহে লন্ডনে আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতিবিষয়ক এক বৈঠকে মধ্যমপন্থী তলেবান জঙ্গিদের সঙ্গে বৈরী ভাব মিটিয়ে ফেলার কথা বলেছিলেন তিনি। ওই প্রসঙ্গ টেনে কারজাই বলেন, কীভাবে এ উদ্যোগ শুরু করা যায় তা নির্ধারণ করতে শিগগিরই কাবুলে বিভিন্ন আদিবাসী গোত্রের নেতাদের ঐতিহ্যবাহী সম্মেলন ‘পিস জিরগা’ আয়োজন করা হবে। লন্ডনের ওই বৈঠকে আফগানিস্তানে সামরিক উপস্থিতি রয়েছে এমন দেশগুলোর প্রতিনিধিরা একটি সমন্বিত উপায়ে শান্তি কর্মসূচি শুরু করার ব্যাপারে একমত হন।এই উদ্যোগ বাস্তবায়িত হলে যেসব তালেবান জঙ্গি অস্ত্র জমা দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবে, তাদের চাকরি, শিক্ষা ও নিরাপত্তা দেওয়া হবে। তবে কারজাই জানিয়েছেন, আল-কায়েদার সদস্যরা এই কর্মসূচির আওতায় আসবে না। এএফপি।