সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির গতকাল সোমবার দক্ষিণ সুদানের রাজধানী জুবায় গেছেন। দক্ষিণ সুদানে তিন সপ্তাহ ধরে চলমান অস্থিরতা নিয়ে তিনি আলোচনায় অংশ নেবেন। এদিকে প্রতিবেশী ইথিওপিয়ায় দক্ষিণ সুদানের সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিদের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা অনুষ্ঠানে হিমশিম খাচ্ছেন মধ্যস্থতাকারীরা।
বশির গতকাল জুবা বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান দক্ষিণ সুদানের ভাইস প্রেসিডেন্ট জেমস ওয়ানি ইগা। এরপর তিনি প্রেসিডেন্ট সালভা কিরের সঙ্গে বৈঠক করতে তাঁর সরকারি বাসভবনে যান।
বশির প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও খার্তুম জানিয়েছে, চলমান সংঘাতের একটি ‘শান্তিপূর্ণ সমাধান’ করতে সুদান সহায়তা দেবে।
দশকের পর দশক ধরে গৃহযুদ্ধ চলার পর ২০১১ সালে খার্তুমের কাছ থেকে স্বাধীনতা লাভ করে দক্ষিণ সুদান। তবে নতুনতম দেশটিতে এখনো উত্তরের প্রভাব বজায় রয়েছে। বিশেষ করে, দক্ষিণ সুদানে উৎপাদিত তেল সুদানকে রুট হিসেবে ব্যবহার করেই রপ্তানি করা হয়ে থাকে। দক্ষিণ সুদানে সবচেয়ে বেশি সহিংসতা হচ্ছে রাজধানী জুবায়। পাশাপাশি তেলসমৃদ্ধ ইউনিটি ও আপার নাইল প্রদেশ এবং বিদ্রোহীদের দখলে থাকা বোর শহরের কাছেও চলতি সপ্তাহজুড়ে সংঘর্ষের খবর পাওয়া গেছে। শহরটি আবার দখলে নিতে সরকারি বাহিনী চেষ্টা চালাচ্ছে।
দক্ষিণ সুদানের সামরিক বাহিনীর মুখপাত্র ফিলিপ আগুয়ের জানান, বোর শহর আবার দখলে নেওয়া এখন ‘সময়ের ব্যাপার’। তবে বিদ্রোহীদের মুখপাত্র মোসেস রুয়াই জানান, সরকারবিরোধী যোদ্ধারাই রাজধানীর দিকে অগ্রসর হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের বাহিনী সুসংগঠিত। তারা কেবল আক্রমণ শানিয়ে পালিয়ে যাবে, এমন নয়। আমাদের পরবর্তী লক্ষ্য হচ্ছে জুবা।’
দক্ষিণ সুদানে গত ১৫ ডিসেম্বর সংঘাত ছড়িয়ে পড়ে। এদিন প্রেসিডেন্ট কিরের অনুগত বাহিনী জাতিগত মিলিশিয়া বাহিনী ও সাবেক ভাইস প্রেসিডেন্ট রিক মাচারের অনুগত বলে পরিচিত বিদ্রোহী সেনাদের বিরুদ্ধে অভিযান চালায়। অভ্যুত্থানচেষ্টার অভিযোগে গত জুলাইয়ে মাচারকে বরখাস্ত করেন প্রেসিডেন্ট কির। তবে মাচার এমন অভিযোগ অস্বীকার করেন।
জাতিসংঘের হিসাবমতে, চলমান সংঘাতে দেশটিতে এরই মধ্যে কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছে। গৃহহীন হয়েছে প্রায় দুই লাখ মানুষ।
সহিংসতা বন্ধের উপায় খুঁজতে উভয় পক্ষের প্রতিনিধিদল প্রতিবেশী দেশ ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় রয়েছেন। এতে মধ্যস্থতা করছেন পূর্ব আফ্রিকার কূটনীতিকেরা। এএফপি।