লড়াইয়ে জিততে সময় লাগবে: আসাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার চলমান লড়াইয়ে বিদ্রোহীদের বিরুদ্ধে জয়ী হতে সরকারের সময় লাগবে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। বেশ কিছুদিন পর নীরবতা ভেঙে সরকার-সমর্থক একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সিরিয়ার আদদুনিয়া টেলিভিশনে দেওয়া ওই সাক্ষাৎকার গতকাল বুধবার সম্প্রচার হওয়ার কথা।এদিকে রাজধানী দামেস্কের শহরতলিতে বাশারপন্থী দুই ব্যক্তির দাফন অনুষ্ঠানে এক গাড়িবোমো হামলায় ২৭ জন নিহত হয়েছে। একই সঙ্গে এই নগর, আলেপ্পো, ইদলিবসহ দেশের বিভিন্ন স্থানে সরকারি বাহিনী বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে গোলাবর্ষণ চালিয়ে যাচ্ছে।টেলিভিশন সাক্ষাৎকারটিতে আসাদ বলেন, ‘চলতি লড়াই সম্পর্কে আমি সংক্ষেপে বলব, আমরা অগ্রগতি লাভ করছি। পরিস্থিতি অনুকূলে থাকলেও আমরা এখনো জয়ী হইনি। জয়ের জন্য আমাদের আরও সময় প্রয়োজন।’সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার সিরিয়ার অভ্যন্তরে বাস্তুচ্যুত লোকজনের আশ্রয়ের জন্য বাফার জোন (নিরাপদ এলাকা) প্রতিষ্ঠার ব্যাপারে তুরস্কের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘প্রথমত, বাফার জোন নিয়ে এ মুহূর্তে কথা বলার কোনো সুযোগ নেই। আর দ্বিতীয়ত, এটি বৈরী মনোভাবাপন্ন দেশ ও সিরিয়ার শত্রুদের অবাস্তব ধারণা।’ বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সেনাদের প্রতি ‘বীরোচিত কাজের’ জন্য তাঁদের ধন্যবাদ জানান তিনি। আসাদ আরও বলেন, ‘কিছু ভুলত্রুটি সত্ত্বেও সরকারের সঙ্গে সিরীয় জনগণের বন্ধন অটুট রয়েছে।’ তাঁর প্রতি দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন আছে বলেও তিনি জোর দাবি করেন। এএফপি ও বিবিসি।