লড়াইয়ে নামছেন একাধিক প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অক্টোবরের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এ ঘোষণার পর লন্ডনের সাবেক মেয়র ও যুক্তরাজ্যের ইইউ ছাড়ার প্রচার দলের অন্যতম নেতা বরিস জনসন তাঁর উত্তরসূরি হবেন বলে ধরা হচ্ছে। তবে এ পদে প্রার্থী হওয়ার আকাঙ্ক্ষা জানিয়েছেন আরও কয়েকজন।
যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি বা টোরি দলের নেতা ও ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হওয়ার এ দৌড়ে নামার আকাঙ্ক্ষা ব্যক্তকারীদের একজন দেশটির কর্ম ও পেনশন-বিষয়ক মন্ত্রী স্টিফেন ক্র্যাব। ক্র্যাব ইতিমধ্যে ওই পদের জন্য লড়ার ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে ‘এক জাতি’ রক্ষণশীলতা প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। ক্র্যাব ইইউয়ে থেকে যাওয়ার পক্ষের একজন সমর্থক।
ওই পদের জন্য লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনের পক্ষে দলের ১০০ আইনপ্রণেতার সমর্থন থাকার কথা জানা গেছে। একই পদে স্বরাষ্ট্রমন্ত্রী তেরেসা মে-ও প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে আশা করা হচ্ছে। প্রার্থী হওয়ার সম্ভাব্য ইচ্ছা প্রকাশকারী শিক্ষামন্ত্রী নিকি মরগ্যান বলেন, জয়ী হলে অভিবাসন বিষয়ে ‘ইতিবাচক পদক্ষেপ’ নেবেন তিনি।
টোরি নেতা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার মনোনয়ন দাখিলের বিষয় গতকাল সন্ধ্যায় শুরু হয়ে আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চলবে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত গণভোটের ফলাফলের জেরে প্রধানমন্ত্রী ক্যামেরনের পদত্যাগের ঘোষণা দেওয়ার পর থেকেই শুরু এ পদে প্রার্থী হওয়ার প্রতিযোগিতা।
সম্ভাব্য প্রার্থীরা এখন পার্লামেন্টারি দলের ভেতর নিজ নিজ সমর্থন যাচাইয়ের চেষ্টা করছেন। কয়েক দফা ভোটের পর প্রার্থীদের এ সংখ্যা দুইয়ে নামিয়ে আনা হবে। পরে এ দুজনের মধ্য থেকে দলের সদস্যরা একজনকে বেছে নেবেন। আগামী ৯ সেপ্টেম্বর চূড়ান্ত ফলাফল জানা যেতে পারে।
বিবিসির রাজনৈতিক সংবাদদাতা ক্যারল ওয়াকার বলেন, উত্তেজনাকর ওই গণভোটের পর কে দলের বিভক্তি দূর করে একে ঐক্যবদ্ধ করতে ও ব্রেক্সিটের জন্য একটা গ্রহণযোগ্য পরিকল্পনা বের করতে পারবেন, সেটিই হবে এ পদের প্রচারণার প্রধান বিষয়। এ গুরুদায়িত্ব আগামী প্রধানমন্ত্রীর ওপরই পড়বে।