শক্তি বৃদ্ধির প্রমাণ দিল তৃণমূল

পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনেও নিজেদের শক্তি বৃদ্ধির প্রমাণ দিল। রাজ্যের মোট ৪২টি আসনের মধ্যে তৃণমূল একাই পেল ৩৪টি আসন। কংগ্রেস জিতেছে চারটি৷ অন্যদিকে, রাজ্যের প্রধান বিরোধী শক্তি বামপন্থীরা পেয়েছে মাত্র দুটি৷ তবে তৃণমূলের বিপুল জয়ের চেয়েও সম্ভবত বিস্ময়কর সাফল্য বিজেপির৷ এ রাজ্যে এই প্রথম এককভাবে লড়ে তারা পেয়েছে দুটি আসন।
২০০৯ সালের নির্বাচনে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস এবং এসইউসির জোট পেয়েছিল ২৬টি আসন। তার মধ্যে তৃণমূল পেয়েছিল ১৯টি। এবার তৃণমূল কোনো জোট ছাড়াই একা লড়ে ৩৪টি আসন পেয়ে বুঝিয়ে দিল, এ মুহূর্তে পশ্চিমবঙ্গে তাদের চ্যালেঞ্জ করার মতো কোনো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী নেই। এবারের নির্বাচনে একেবারে ভরাডুবি হয়েছে বামপন্থীদের। ২০০৯ সালেও তারা পেয়েছিল ১৫টি আসন। কিন্তু তার পরে ২০১১ সালের বিধানসভা নির্বাচনে এবং ২০১৩ সালে বামপন্থীদের নিম্নগতি অব্যাহত ছিল। এবারের নির্বাচনে মাত্র দুটি আসনে জিতে তারা সেই ধারাবাহিকতাই বজায় রাখল৷ বাকি ৪০টি আসনে ভোটের সংখ্যায় তারা অনেকটাই পিছিয়ে ছিল।
রাজ্যে প্রধান বিরোধী দলের এ শোচনীয় পরাজয়ের ফলে তৃণমূল শিবিরে স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসের বন্যা। অন্যদিকে, এই প্রথম একক শক্তিতে রাজ্যের সব কটি আসনে লড়ে বিজেপি শুধু দুটি আসনই জিতেছে তা-ই নয়, অন্তত চারটি আসনে তারা হাড্ডাহাড্ডি লড়াই করেছে।
কিন্তু এ বিশাল জয় সত্ত্বেও জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার স্বপ্ন অধরাই থেকে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কারণ, বিজেপি এবং তার জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) নিজেরাই সরকার গড়ার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক বেশি আসন পেয়ে যাওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় বা জয়ললিতার মতো আঞ্চলিক দলনেত্রীদের গুরুত্ব কমে গেছে। ফলে, কেন্দ্রের নতুন সরকারের সঙ্গে আগামী দিনে রাজ্যের হয়ে দর-কষাকষির ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তেমন কোনো অস্ত্র থাকল না।
তবে সাধারণ সমর্থকদের এসব কূটচিন্তা নিয়ে বিচলিত হতে দেখা যায়নি। গতকাল সকাল থেকেই মমতার দক্ষিণ কলকাতার বাসভবনের সামনে তৃণমূল-সমর্থকেরা জড়ো হতে শুরু করেন। কড়া পুলিিশ নিরাপত্তাব্যবস্থার মধ্যে সেখানে লাউড স্পিকারে ঘন ঘন ভোটের ফল ঘোষণা হতে থাকে। একটি একটি করে তৃণমূল প্রার্থীর জয়ের খবর আসতে শুরু করার পরেই সেখানে বিজয় উৎসব শুরু হয়ে যায়। সবুজ আবির (কমিউনিস্টরা যেহেতু লাল রং পছন্দ করে, তাই কমিউনিস্টবিরোধী তৃণমূল কংগ্রেস সবুজ আবির পছন্দ করে) মেখে সমর্থকেরা সেখানে নাচতে শুরু করেন। অন্যদিকে, আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএম রাজ্য দপ্তরে ছিল পুরোপুরি শোকের পরিবেশ। নেতারা তৃণমূলের সন্ত্রাস ও ভোট কারচুপির কথা বললেও তা যে এত বড় বিপর্যয়ের ব্যাখ্যা হিসেবে যথেষ্ট নয়, তা স্বীকার করছেন।
তুলনায় কংগ্রেস কিছুটা হলেও তাদের শক্তি ধরে রাখতে পেরেছে। রায়গঞ্জে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে মাত্র দুই হাজার ভোটে কংগ্রেসের গতবারের বিজয়ী দীপা দাশমুন্সি এবার হেরেছেন সিপিএমের মহম্মদ সেলিমের কাছে। বহরমপুরে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শুধু জেতেনইনি, তাঁর জয়ের ব্যবধান বেড়েছে। রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ছেলে অভিজিৎ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরে সিপিএম প্রার্থীর সঙ্গে শক্ত লড়াইয়ের পর জিতেছেন৷ গতবারের ছয়টি জেতা আসন ধরে রাখার প্রত্যাশা ছিল কংগ্রেসের৷ রাখতে পারল চারটি৷
তৃণমূলের এ জয়যাত্রার মধ্যেই শাসক দলের জন্য বেশ কিছুটা অস্বস্তির জন্ম দিয়ে দুটি আসন পেল বিজেপি। এর আগে ১৯৯৯ সালে তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে বিজেপি পশ্চিমবঙ্গে দুটি আসন জিতেছিল। ২০০৯ সালের নির্বাচনে পেয়েছিল মাত্র একটি৷ এবার এককভাবে লড়েই পেয়ে গেল দুটি৷ কয়েকটি আসনে তারা দ্বিতীয় স্থানে রয়েছে। বিকেল পর্যন্ত নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী শতাংশের বিচারে বিজেপির ভোট পশ্চিমবঙ্গে প্রায় ১৮ শতাংশে দাঁড়ায়৷ ধারণা করা হচ্ছিল, ভোট গণনা শেষ হলে তা আরেকটু বেড়ে ২০ শতাংশে দাঁড়াতে পারে। যার অর্থ, পশ্চিমবঙ্গে বিজেপি একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছে। অথচ এত দিন সাধারণত এ রাজ্যে দলটির ভোট ছিল মাত্র ৫ থেকে ৬ শতাংশ৷
২০১৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভা ভোটে নামতে হবে। আসনসংখ্যায় বামপন্থীদের অস্তিত্বপ্রায় বিলোপ হতে চললেও শতাংশের হিসাবে তাদের ভোটের হার এখনো প্রায় ৩০ শতাংশ৷ তৃণমূল কংগ্রেসের ভোটের হার দাঁড়িয়েছে ৩৯ শতাংশ। কংগ্রেসের ৯ শতাংশের সামান্য বেশি। এ অবস্থায় চতুর্মুখী লড়াইয়ে বিজেপি যে এ রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে বামপন্থী ও কংগ্রেসকে সরিয়ে প্রধান বিরোধী দলের জায়গাটি দখলের জন্য ঝাঁপাবে, সেই চিন্তাটাই এত বড় জয়ের আনন্দের মধ্যেও অস্বস্তির কাঁটা হয়ে বিঁধছে তৃণমূল কংগ্রেসকে।
কিন্তু পশ্চিমবঙ্গে এতদিন ‘ব্রাত্য’ হিন্দু জাতীয়তাবাদী বিজেপির এ বিরাটভাবে আবির্ভাবের রহস্য কী? ভোটের আগেই নজরে এসেছিল এ রাজ্যের তরুণ প্রজন্মের মধ্যে নরেন্দ্র মোদির উন্নয়নের কথা প্রভাব ফেলছে। কেন্দ্রে বিজেপির সরকার গঠনের সম্ভাবনার কথা মাথায় রেখে অনেকেই তাদের দিকে ঝুঁকেছেন। এ ছাড়া তৃণমূল কংগ্রেস সরকারের অনেক দুর্বলতা সত্ত্বেও (রাজ্যে বেড়ে চলা নারী নিগ্রহ, সারদা কাণ্ডে শাসক দলের ভূমিকা ইত্যাদি) প্রধান বিরোধী দল সিপিএমের হাল ছেড়ে দেওয়া মনোভাবও বিজেপির শক্তি বৃদ্ধিতে সাহায্য করেছে। যাঁরা তৃণমূলের বিরোধিতায় বামপন্থীদের ব্যর্থতা দেখে হতাশ, তাঁরা অনেকেই বিজেপিতে আশ্রয় খুঁজেছেন। অন্যদিকে, বিজেপির এ হঠাৎ জনপ্রিয়তা বৃদ্ধিতে কিছুটা আতঙ্কিত ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস রাজ্য সরকারের পুলিশ ও প্রশাসনকে খোলাখুলিই দলীয় স্বার্থে ভোটে ব্যবহার করেছে। এর ফলে, বেশ কয়েকটি আসনে সাধারণ মানুষের একটা বড় অংশ তাদের বিরুদ্ধে থাকলেও তা ভোটের বাক্সে প্রতিফলিত হওয়ার সুযোগ পায়নি। আবার এটাও সত্যি যে মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর জেলা বাদ দিলে দক্ষিণবঙ্গে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে সংখ্যালঘুদের সিংহভাগই মমতার পাশে দাঁড়িয়েছে। ২০১১ সালেও তারা মমতার পাশেই ছিল। কিন্তু মাঝের দুই বছরে তাদের মধ্যে মমতার দল সম্পর্কে যে মোহভঙ্গের ইঙ্গিত ছিল, তা মিলিয়ে যায় নরেন্দ্র মোদির বাংলাদেশি বিতাড়নের হুংকারে।