মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, আফগানিস্তানের সার্বভৌমত্ব নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র অঙ্গীকারবদ্ধ। আল-কায়েদা বা তালেবান যুক্তরাষ্ট্রকে এই অঙ্গীকার থেকে টলাতে পারবে না। যুক্তরাষ্ট্র একটি শক্তিশালী ও সংহত আফগানিস্তান দেখতে চায়।গত সোমবার রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে এক যৌথ সংবাদ সম্মেলনে কেরি এসব কথা বলেন। কেরি গতকাল মঙ্গলবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে দ্বিতীয় দফা বৈঠক করেন। ওই বৈঠকে দুই নেতা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সোমবার যৌথ সংবাদ সম্মেলনে কেরি বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের সঙ্গে তার অংশীদারি রক্ষায় সচেষ্ট। ওই সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট কারজাই বলেন, ‘আজ (সোমবার) আফগানিস্তানের জন্য চমৎকার একটি দিন। বাগরাম বিমান ঘাঁটি আফগান সরকারের কাছে হস্তান্তর করা হয়েছে। অনেক বছর পর অবশেষে বাগরামের ব্যাপারে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছি।’২০১৪ সালে আফগানিস্তানের নিরাপত্তার দায়িত্ব দেশটির নিজস্ব বাহিনীর হাতে হস্তান্তর করার কথা। ওই বছরের শেষ নাগাদ দেশটিতে অবস্থানরত এক লাখ বিদেশি সেনার বেশির ভাগই আফগানিস্তান ছেড়ে যাবেন।ন্যাটোর বিমান হামলায় বেসামরিক লোকজনের মৃত্যু, রাত্রিকালীন অভিযান, বন্দী হস্তান্তরসহ বিভিন্ন বিষয় নিয়ে সম্প্রতি কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সম্প্রতি কারজাই অভিযোগ করেন, আফগানিস্তানে বিদেশি বাহিনীকে বহাল রাখতে ওয়াশিংটন তালেবানের সঙ্গে গোপন আঁতাত করছে। এতে পাকিস্তানে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেলের সফর ভেস্তে যায়।পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত: জালালাবাদে আত্মঘাতী এ হামলার দায় স্বীকার করে তালেবানের একজন মুখপাত্র জানান, নানগরহার প্রদেশের রাজধানী জালালাবাদে পুলিশ সদর দপ্তরে সাতজন এ আত্মঘাতী হামলা চালায়। এর মধ্যে একজন বিস্ফোরক দ্রব্য দিয়ে একটি গাড়ির বিস্ফোরণ ঘটায়। তিনজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়। বাকি তিনজন হামলাকারী পুলিশ সদর দপ্তরের পাশে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছে পুলিশ। তালেবানের পক্ষ থেকে জানানো হয়, তাদের হামলার মূল লক্ষ্য ছিলেন জালালাবাদে আফগান পুলিশের প্রশিক্ষণের জন্য বিদেশি ও ইসরায়েলি শিক্ষকেরা।অস্ট্রেলীয় বাহিনী দেশে ফিরছে: চলতি বছরের শেষ নাগাদ আফগানিস্তান থেকে দেশে ফিরে যাবে বেশির ভাগ অস্ট্রেলীয় সেনা। অস্ট্রেলিয়ার প্রতিরক্ষামন্ত্রী স্টিফেন স্মিথ এ কথা জানান। আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের তারিন কাউত জেলায় থাকা আন্তর্জাতিক সেনাঘাঁটি বন্ধ করে দেওয়ার পর অস্ট্রেলীয় সেনারা দেশে ফিরে যাবেন। আফগানিস্তানে বর্তমানে এক হাজার ৫৫০ জন অস্ট্রেলীয় সেনা রয়েছে। এ বছরের শেষ দিকে এক হাজার সেনা ফিরিয়ে নেওয়া হবে। অন্য সেনারা ২০১৪ সাল পর্যন্ত কাবুল ও কান্দাহারে সেনাবাহিনীকে প্রশিক্ষণ দেবেন। অস্ট্রেলিয়া ও আফগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট এ বছরের শেষ নাগাদ এ ঘাঁটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এএফপি ও বিবিসি।