শক্তিশালী ও কার্যকর লোকপাল আইনের অঙ্গীকার মনমোহনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, একটি শক্তিশালী ও কার্যকর লোকপাল আইনের ব্যাপারে সরকার অঙ্গীকারবদ্ধ। তবে প্রশাসনিক জটিলতার কারণে এর বাস্তবায়নে দেরি হচ্ছে। গতকাল শনিবার রাজধানী নয়াদিল্লিতে পরিকল্পনা কমিশনের বৈঠকে তিনি এ কথা বলেন। নয়াদিল্লির রামলীলা ময়দানে অনশনের দ্বিতীয় দিন গতকাল আন্না হাজারে বলেন, ‘দেশ পরিচালনার দায়িত্ব যাদের হাতে, তারাই দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। শক্তিশালী লোকপাল আইন না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’ এই বিল অনুমোদনে গত শুক্রবার সরকারকে ৩০ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি। তাঁর দুর্নীতিবিরোধী আন্দোলনের বিষয়টি সরকারও গুরুত্বের সঙ্গে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। মনমোহন সিং গতকাল পরিকল্পনা কমিশনের বৈঠকে বলেন, ‘শক্তিশালী ও কার্যকর লোকপাল আইনের জন্য সব দলকে একসঙ্গে কাজ করতে হবে। দূর করতে হবে প্রতিবন্ধকতা।’প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা আলোচনা সংলাপে রাজি আছি। আমরা চাই এ বিষয়ে একটি জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হোক। আলাপ-আলোচনার ভিত্তিতে সবকিছু করার যথেষ্ট সুযোগ রয়েছে।’এদিকে লোকপাল বিলের বিভিন্ন দিক তুলে ধরে বিভিন্ন পত্রিকায় বিজ্ঞাপন দিয়েছে আইন, বিচার ও কর্মচারীবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে জনগণ বা কোনো প্রতিষ্ঠানের কোনো বক্তব্য বা পরামর্শ থাকলে ১৫ দিনের মধ্যে তা জানাতে বলা হয়েছে।গত ৪ আগস্ট লোকপালের বিলের খসড়া উপস্থাপন করা হয় পার্লামেন্টে। এরপর রাজ্যসভার চেয়ারম্যান তা আইন ও বিচারবিষয়ক সংসদীয় কমিটিতে পাঠিয়ে দেন এবং কোনো সুপারিশ থাকলে সুপারিশসহ তিন মাসের মধ্যে তা পার্লামেন্টে উপস্থাপনের নির্দেশ দেন। এখন সংসদীয় কমিটি ১৫ দিনের মধ্যে জনগণের মতামত চাওয়ায় এটা পরিষ্কার হয়ে গেছে যে হাজারের বেঁধে দেওয়া ৩০ আগস্টের মধ্যে লোকপাল বিল পাস হচ্ছে না। এর আগে আন্না ও তাঁর সহযোগীরা কমিটির সামনে হাজির হয়ে বিলের ব্যাপারে তাঁদের মতামত দিয়েছেন। প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ ও পার্লামেন্ট সদস্য এবং বিচারকসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের প্রস্তাবিত এই আইনের বাইরে রাখায় আন্না ওই বিলকে দেশের মানুষের সঙ্গে ‘নির্মম রসিকতা’ বলে অভিহিত করেছেন। এর প্রতিবাদে তিনি আবার অনশন শুরু করেছেন।গতকাল সকাল ১০টার দিকে রামলীলা ময়দানের অনশন মঞ্চে গিয়ে বক্তব্য দেন আন্না হাজারে। মঞ্চের সামনে তখন উপস্থিত ছিল প্রায় ১০ হাজার মানুষ।সমবেত জনতার উদ্দেশে আন্না হাজারে বলেন, ‘আমরা কেন লড়াই করব? সরকারের কোষাগারে যে সম্পদ আছে, তা তো আমাদেরই সম্পদ। এই সম্পদের জন্য চোরেরা কোনো হুমকি নয়, বরং এই সম্পদ পাহারার দায়িত্ব যাদের, তারাই এখন হুমকি হয়ে দাঁড়িয়েছে। দেশের শত্রুরা দেশের সঙ্গে প্রতারণা করেনি বরং করেছে এই বিশ্বাসঘাতকেরা।’গত চার দিনের অনশনে তাঁর সাড়ে তিন কেজি ওজন কমেছে বলে জানান আন্না হাজারে। তিনি বলেন, ‘জোরালো লোকপাল আইন না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে।’এদিকে আন্নার ঘনিষ্ঠ সহযোগী অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোডিয়া জানিয়েছেন, লোকপাল বিল নিয়ে আলোচনার জন্য তাঁরা সরকারের সঙ্গে আলোচনায় প্রস্তুত, তবে সরকারের পক্ষ থেকে কেউ তাঁদের সঙ্গে যোগাযোগ করেনি। এএফপি, রয়টার্স, দ্য হিন্দু।