শক্তিশালী টাইফুন ধেয়ে আসছে ফিলিপাইনের দিকে
ফিলিপাইনের দিকে ঘণ্টায় ২২০ কিলোমিটার (১৩৬ মাইল) বেগে ধেয়ে আসছে টাইফুন বোপা। এই ঝড় বছরের সবচেয়ে শক্তিশালী হবে বলে ধারণা করছে আবহাওয়া অধিদপ্তর। দেশটির সরকার গত শনিবার জনগণকে ঝড়টি মোকাবিলার জন্য প্রস্তুতি নিতে বলেছে।দেশটির আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার এক আবহাওয়ার পূর্বাভাসে বলেছে, ঝড়টি বর্তমানে দেশের এক হাজার কিলোমিটার দক্ষিণ-পূর্ব দিকে অবস্থান করছে এবং আগামী মঙ্গল ও বুধবারের মাঝামাঝি আঘাত হানবে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঝড়ের কারণে ফিলিপাইনের ভিসায়াস অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের প্রধাণ দ্বীপ মিন্দানাওতে রবিবার রাত থেকে ভারী বর্ষণ হতে পারে।ফিলিপাইনের সিভিল ডিফেন্সের প্রধান বেনিতো রামোস বলেছেন, ঝড়টি খুবই শক্তিশালী। সবাইকে ঝড়ের পূর্বপ্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। যদি স্থানান্তর করা প্রয়োজন হয়, তারও ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।উল্লেখ্য, ফিলিপাইনে প্রতিবছর গড়ে ২০টির মতো টাইফুন আঘাত হানে। টাইফুন বোপা এ বছরের ১৬তম। এ বছর আগস্টে বেশ কয়েকটি টাইফুনের আঘাত ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় প্রায় ১০০ মানুষ মারা যায় এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়।গত বছর ১৯টি টাইফুন দেশটির ওপর আঘাত হানে, যার মধ্যে ১০টি ছিল প্রলয়ংকরী। এতে প্রায় দেড় হাজার মানুষ মারা যায়; আর ক্ষতিগ্রস্ত হয় ১০ শতাংশ লোক। এএফপি।