শক্তিশালী শাসকদের মধ্যে বন্ধু খুঁজছেন থেরেসা মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তুরস্কে এরদোয়ানের সঙ্গে থেরেসা
তুরস্কে এরদোয়ানের সঙ্গে থেরেসা

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার (ব্রেক্সিট) সিদ্ধান্ত নেওয়ার পর আন্তর্জাতিক সম্পর্কের বিষয়ে অগ্রাধিকার পুনর্বিন্যাসের চেষ্টা করছে। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে গত শনিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মের বৈঠক এমনই ইঙ্গিত দেয়। দুই দেশের মধ্যে ১০ কোটি পাউন্ডের অস্ত্র-সরঞ্জাম সরবরাহের চুক্তি হয়েছে। এর আওতায় যুক্তরাজ্যের প্রতিরক্ষা নির্মাতা বিএই সিস্টেমস তুর্কি সেনাবাহিনীকে যুদ্ধবিমান সরবরাহ করবে।
ডাউনিং স্ট্রিটের বিবৃতি অনুযায়ী, প্রধানমন্ত্রী মে ওই বৈঠকে দুই দেশের বাণিজ্য, প্রতিরক্ষা ও নিরাপত্তা নিয়ে আলোচনা করেছেন। তিনি নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসে বৈঠকের পরই এরদোয়ানের সঙ্গে দেখা করায় যুক্তরাজ্যের বেশি মাত্রার উচ্চাভিলাষই প্রকাশ পায়। আর সেটা হলো ব্রিটিশ প্রধানমন্ত্রী মে এখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল, তুরস্ক ও পোল্যান্ডের কর্তৃত্ববাদী শাসকদের সঙ্গে সুসম্পর্ক গড়তে চাইছেন। ব্রেক্সিটের পরিপ্রেক্ষিতে ইইউর দুই প্রধান দেশ ফ্রান্স, জার্মানিসহ প্রভাবশালী অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাজ্যের দূরত্ব তৈরি হওয়ার কারণেই মে এমন কৌশল নিয়ে থাকতে পারেন।
যুক্তরাজ্যে ব্রেক্সিটের পক্ষে গণভোটের রায় এবং যুক্তরাষ্ট্রে ট্রাম্পের মতো লোকরঞ্জনবাদী নেতার বিজয়ের পরিপ্রেক্ষিতে দীর্ঘদিনের প্রতিষ্ঠিত ভূরাজনীতির ধরন পাল্টাতে শুরু করেছে। ব্রিটিশ ও তুর্কি স্বার্থ এখন বিভিন্ন ক্ষেত্রে মিলে যাচ্ছে। কাকতালীয় হলেও হোয়াইট হাউসে ট্রাম্পের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকে সিরিয়া, ফিলিস্তিন ও রাশিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রও কৌশল পাল্টাচ্ছে।

ইউরোপের সঙ্গে এরদোয়ানের একটা বড় সমস্যা যেমন আছে, তেমনি থেরেসা মেরও আছে। তুরস্ক দীর্ঘদিন ধরে ইইউর সদস্যপদ লাভের চেষ্টা করেও সফল হয়নি। থেরেসা মে এবং যুক্তরাজ্যের আরও অনেক ভোটারের মতো এরদোয়ানও এখন ইঙ্গিত দিচ্ছেন, তাঁর দেশ বরং ইইউর বাইরেই ভালো থাকবে। এরদোয়ানের বিরুদ্ধে ইইউর অভিযোগ, তুরস্কে গত জুলাইয়ে ব্যর্থ অভ্যুত্থানচেষ্টার পর মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর হামলা হয়েছে। তবে এরদোয়ান নিজেকে তুর্কি গণতন্ত্রের রক্ষক বলেই দাবি করছেন। এমন পরিস্থিতিতে তিনি তুরস্কে থেরেসা মের সর্বশেষ সফরে কিছুটা স্বস্তি বোধ করতেই পারেন।

মের তুরস্ক সফরের অন্যান্য তাৎপর্যও আছে। ব্রাসেলস এটিকে যুক্তরাজ্যের অবস্থানের ইঙ্গিতপূর্ণ পরিবর্তন হিসেবে দেখবে। এর অর্থ দেশটি দেখিয়ে দিতে চায় যে ইউরোপের বাইরেও তাদের মৈত্রী গড়ার সুযোগ রয়েছে। ফ্রান্স এবং জ্যঁ-ক্লদ ইয়ুঙ্কারের নেতৃত্বে ইউরোপের পশ্চিমা ‘অর্ধেক’ বৈরী অবস্থান নেওয়ার পর ব্রিটিশ প্রধানমন্ত্রী এখন মিত্র খুঁজছেন। এ ক্ষেত্রে তুরস্ক একটা ভালো বিকল্প হতে পারে। কারণ, দেশটি ন্যাটোর সদস্য, জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) বিরোধী এবং বাণিজ্যমুখী অর্থনীতির অধিকারী।

রিসেপ তাইয়েপ এরদোয়ান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গেও সম্পর্কের উন্নয়ন চাইছেন। ওবামা প্রশাসনের আমলে ওয়াশিংটনের সঙ্গে আঙ্কারার বেশ দূরত্ব তৈরি হয়েছিল। কিন্তু কর্তৃত্ববাদী ট্রাম্প ও এরদোয়ানের নেতৃত্বের ধরনে অনেকটা মিল আছে। তুর্কি নেতা এখন ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছ থেকে সিরিয়া সম্পর্কে ট্রাম্পের সম্ভাব্য নীতি সম্পর্কে পরামর্শ পেতে নিশ্চয়ই আগ্রহী হবেন। তুরস্কও এখন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতের চেষ্টা থেকে অন্তত সাময়িকভাবে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে। এভাবেই বাশারের ভবিষ্যৎ নির্ধারণে মার্কিন-ব্রিটিশ-তুর্কি অভিন্ন অবস্থান তৈরি হচ্ছে। কিন্তু এই ত্রয়ী শক্তির অন্য উদ্দেশ্যও আছে। তারা আইএসকে পরাজিত করতে চায়। সিরিয়ায় বাশারবিরোধী বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে ইরান ও রাশিয়ার অগ্রগতি নিয়েও তিন পক্ষই চিন্তিত। এরদোয়ান গত বছর ভ্লাদিমির পুতিনের সঙ্গে দূরত্ব তৈরি করলেও এখন মস্কোর নেতৃত্বে শান্তি আলোচনায় সমর্থন দিচ্ছেন। তবে তিনি মে এবং ট্রাম্পের অধিকাংশ জ্যেষ্ঠ উপদেষ্টার মতোই রুশ প্রেসিডেন্টকে বিশ্বাস করেন না।

থেরেসা মে লন্ডনে ক্ষমতায় বসার পর থেকে ইসরায়েলপন্থী জোরালো অবস্থান নিয়েছেন। তুরস্কও এখন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ‘স্বাভাবিক’ করার চেষ্টায় ব্যস্ত। আবার ট্রাম্প আরেকজন আঞ্চলিক শক্তিধর নেতাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন। তিনি মিসরের স্বৈরশাসক আবদেল ফাত্তাহ আল-সিসি। তাই সব মিলিয়ে ভবিষ্যতে সম্প্রসারিত মার্কিন-ব্রিটিশ-তুর্কি-ইসরায়েলি অক্ষশক্তির উত্থান দেখা যেতেও পারে। ইইউর পূর্বাঞ্চলীয় ‘অর্ধেক’ অংশের সঙ্গেও যুক্তরাজ্য ভালো সম্পর্ক রাখতে চায়। পোল্যান্ডের প্রধানমন্ত্রীকে গত নভেম্বরে ভোজে আমন্ত্রণ জানিয়ে থেরেসা মে সে রকমই ইঙ্গিত দিয়েছেন।