শখ তাঁর দুধের বোতল জমানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ নাগরিক পল লিউক ছিলেন একজন গোয়ালা। দুধ বিক্রি করতে করতে একপর্যায়ে তাঁর শখ হয়, দুধের বোতল জমিয়ে ছোটখাটো একটা জাদুঘর বানালে কেমন হয়। যেই ভাবনা, সেই কাজ। উদ্যম আর নিরলস প্রচেষ্টায় ৩৩ বছর বয়সী লিউক আজ সত্যিই দুধের বোতলের ছোটখাটো একটি জাদুঘরের মালিক। তাঁর সংগ্রহে এখন ১০ হাজারের বেশি দুধের বোতল রয়েছে।ইংল্যান্ডের এসেক্সের স্ট্যানফোর্ড-লি-হোপ এলাকায় স্ত্রী ও এক মেয়েকে নিয়ে থাকেন পল। ঘরে বাড়তি জায়গা নেই বলে বাড়ির পেছনের বাগানে গড়ে তুলেন স্বপ্নের জাদুঘর। বিচিত্র আকার ও প্রকারের বোতল সেখানে সাজানো আছে। এর মধ্যে অনেক বোতল এখন কালের সাক্ষী।নয় বছর বয়সে পকেট-খরচ জোগাতে এক গোয়ালার সহযোগীর কাজ নেন পল। এভাবে তাঁর গোয়ালা হয়ে ওঠার কাহিনি শুরু। পল জানান, তিনি ১৯৮৭ সালে প্রথম দুধের বোতল সংগ্রহ করেন। বাবা এতে উৎসাহ জোগান। তখন স্কুলে যেতেন পল। ফাঁকে গোয়ালার সঙ্গে কাজ করতেন। বোতল জোগাড় করে সেগুলো বাড়িতে এনে জানালার পাশে সাজিয়ে রাখতেন।পলের সংগ্রহে এখন এমন বোতল আছে, যেগুলো অন্য কারও কাছে নেই বলে তাঁর ধারণা। পল জানান, নিতান্ত শখের বশেই এত দিন এ কাজ করেছেন তিনি। বোতলের গড়ন, গায়ে আঁটা লেবেল তাঁকে আকৃষ্ট করত। ১৮৯০-এর দশকে তৈরি দুধের বোতলও রয়েছে পলের খুদে জাদুঘরে।পল এখন হার্টফোর্ডশায়ার ডেইরি ফার্মে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। তবে বোতল সংগ্রহ ছাড়েননি।এক্সপ্রেস ডেইরি কোম্পানি ১৮৮০ সালে প্রথম ব্রিটেনে দুধের বোতল তৈরি করে। এসব বোতলে দিনে চারবার করে দুধ সরবরাহ করা হতো। এরপর ১৮৯৪ সালে আরেকটু উন্নত বোতল তৈরি হয়। এসব বোতলে ভরে দিনে একবার দুধ সরবরাহ করা হতো। সবই আছে পলের জাদুঘরে। সূত্র : ডেইলি মেইল অনলাইন।