শত কোটি ডলারের ঋণচুক্তি করছে মিসর-যুক্তরাষ্ট্র
মিসরের নতুন সরকারের সঙ্গে ১০০ কোটি ডলারের ঋণচুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমস গত সোমবার এই তথ্য জানিয়েছে।হোসনি মোবারকের পতনের পর মিসরের গণতান্ত্রিক উত্তরণের পথে সাহায্য করতে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০১১ সালের মে মাসে এই ঋণ-সহায়তার অঙ্গীকার করেছিলেন। গত বছরের ফেব্রুয়ারিতে মোবারকের পতনের পর দেশটিতে চরম অর্থনৈতিক সংকট দেখা দেয়। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে গত মাসে ৪৮০ কোটি ডলার ঋণ সাহায্য চেয়েছিল কায়রো। কিন্তু আইএমএফ এর জন্য কায়রোকে অর্থনৈতিক সংস্কারের শর্ত জুড়ে দেয়।নিউইয়র্ক টাইমস জানায়, প্রস্তাবিত ঋণ সাহায্য নিয়ে বিস্তারিত আলোচনার জন্য ওবামা প্রশাসন গত সপ্তাহে তাদের একটি প্রতিনিধিদল কায়রো পাঠায়। যুক্তরাষ্ট্রের প্রায় ৫০টি প্রতিষ্ঠানের একটি দলও কায়রো সফরে যাচ্ছে। আগামী শনিবার থেকে শুরু হচ্ছে এ সফর।পত্রিকাটি আরও জানায়, কায়রো সফরকালে মার্কিন প্রতিনিধিদলটি মিসরের নতুন প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির সঙ্গে বৈঠক করবে। এ সময় তারা বিদেশি বিনিয়োগ বাড়াতে মুরসির প্রতি তার দেশের করব্যবস্থা ও শ্রম আইন সংস্কারের আহ্বান জানাবেন।মার্কিন চেম্বার অব কমার্সের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট লিওনেল জনসন বলেন, ‘পশ্চিমাদের প্রতি মিসরের মনোযোগ আকর্ষণে যুক্তরাষ্ট্রের সুযোগ সৃষ্টি করাটা তাৎপর্যপূর্ণ।’ঋণচুক্তির এই অগ্রগতিতে ধারণা করা হচ্ছে, মুসিলম ব্রাদারহুডের প্রার্থী মুরসিকে নিয়ে সৃষ্ট অস্বস্তি কাটিয়ে উঠছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দীর্ঘদিনের পুরোনো মিত্র মিসরের প্রতি যুক্তরাষ্ট্রের আগের সমর্থন অব্যাহত থাকারও ইঙ্গিত পাওয়া যাচ্ছে।মোবারকের শাসনামলে মিসরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। মোবারকের আমলে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বছরে অন্যান্য সাহায্যসহ ১৩০ কোটি ডলারের সামরিক সাহায্য পেত মিসর। এএফপি।