শত বছরের পুরোনো শ্যাম্পেন
‘শত বছরের পুরোনো। কিন্তু স্বাদ এখনো দারুণ। চুমুকেই প্রাণ জুড়িয়ে যায়।’ কথাগুলো সুইডিশ ডুবুরি ক্রিশ্চিয়ান এক্সট্রমের। বাল্টিক সাগরের তলদেশ থেকে উদ্ধার করা শ্যাম্পেন খেয়ে তাঁর এই অভিব্যক্তি।এক্সট্রম বলেন, ‘শত বছরের পুরোনো হলেও এই শ্যাম্পেন এখনো খাওয়ার উপযুক্ত। এর মিষ্টি স্বাদ এখনো অটুট। ওক গাছের নির্যাস আছে। আছে তামাকের কড়া গন্ধ। ছোট ছোট বুদ্বুদের ধারা তো আছেই।’বাল্টিক সাগরের নিচে ৬ জুলাই এমনি ৩০ বোতল সুস্বাদু শ্যাম্পেনের খোঁজ পেয়েছে সুইডেনের সাতজনের একটি ডুবুরি দল। সুইডেন ও ফিনল্যান্ডের মধ্যবর্তী আয়াল্যান্ড দ্বীপের উপকূলীয় এলাকায় এগুলো পাওয়া গেছে।বাল্টিক সমুদ্রের ৫৫ মিটার গভীরে ধ্বংসপ্রাপ্ত একটি জাহাজের কাছে এই শ্যাম্পেনের সন্ধান মিলেছে। ফরাসি রাজা ষোড়শ লুই শ্যাম্পেনের বোতলগুলো রুশ সাম্রাজ্যের আদালতের জন্য পাঠিয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলেছেন, এই শ্যাম্পেন ক্লিকো নামের একটি কোম্পানি তৈরি করেছিল। প্রতিষ্ঠানটি এখন সারা বিশ্বে ভ্যেভ ক্লিকো নামে পরিচিত।ডুবুরি দলের প্রধান ক্রিশ্চিয়ান এক্সট্রম বলেন, তিনি ৯৮ শতাংশ নিশ্চিত, এই শ্যাম্পেন ভ্যেভ ক্লিকোর তৈরি। গবেষণার জন্য মোয়েতে অ্যান্ড শাঁদোর (শ্যাম্পেন ও পানীয় প্রতিষ্ঠান) কাছে এর নমুনা পাঠানো হয়েছে।এক্সট্রম বলেন, ঠান্ডা ও অন্ধকারই হলো শ্যাম্পেনের জন্য আদর্শ পরিবেশ। বাল্টিক সাগরের নিচে এই পরিবেশ বিরাজ করায় এই শ্যাম্পেন এখনো খাওয়ার উপযুক্ত। এক্সট্রম বলেন, শ্যাম্পেনের বোতলটি হাতে তৈরি। এতে কোনো মোড়ক নেই। তবে বোতলের ছিপিতে জুকলার অঞ্চলের নাম লেখা আছে। ইউরোপের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দেশ অ্যান্ডোরার একটি পাহাড়ি এলাকার নাম জুকলা।রেকর্ড বলছে, শ্যাম্পেন প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভ্যেভ ক্লিকোর যাত্রা শুরু ১৭৭২ সালে। কিন্তু প্রতিষ্ঠার ১০ বছর পর তারা শ্যাম্পেন তৈরি শুরু করে। এক্সট্রম বলেন, তাই বলা যায়, অন্তত ১৭৮২ সালের আগে এই শ্যাম্পেন তৈরি হয়নি। ১৭৮৮-৮৯ সালের পর তৈরি করা হয়েছে। সমুদ্র থেকে উদ্ধার করা পুরোনো এই শ্যাম্পেনের স্বাদ নিয়েছেন ফিনল্যান্ডের আয়াল্যান্ড দ্বীপের মদ বিশেষজ্ঞ ক্রমওয়েল-মর্গান। তিনি বলেন, ‘এক গ্লাস শ্যাম্পেন ফ্রিজে রেখে দিয়েছি। প্রায়ই সেই শ্যাম্পেনের ঘ্রাণ নিই। এতে তামাকের কড়া ঝাঁজ রয়েছে। আছে ওক গাছ, আঙুর ও অন্যান্য ফলের রস।’ক্রমওয়েল-মর্গান বলেন, ফরাসি রাজা ষোড়শ লুই-ই যে শ্যাম্পেনের বোতলগুলো রুশ সাম্রাজ্যের আদালতের উদ্দেশে পাঠিয়েছিলেন, এর পক্ষে একটা শক্ত যুক্তি হচ্ছে, ক্লিকোর একটি চালান নিখোঁজ হওয়ার কথা প্রতিষ্ঠানটির নথিতে উল্লেখ আছে। এএফপি ও বিবিসি।