শততম তিব্বতির আত্মাহুতির চেষ্টা
তিব্বতে চীনা শাসনের প্রতিবাদে শততম ব্যক্তি হিসেবে দেশটির একজন তরুণ সন্ন্যাসী গতকাল বুধবার সকালে আত্মাহুতির চেষ্টা করেছেন। তিনি নেপালের রাজধানী কাঠমান্ডু শহরের একটি রেস্তোরাঁয় নিজের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নেওয়া হয়।স্থানীয় পুলিশের মুখপাত্র কেশব অধিকারী জানান, কাঠমান্ডুতে অবস্থিত বৌদ্ধ সমাধি বৌদ্ধনাথ স্তুপার কাছাকাছি এলাকায় ওই সন্ন্যাসী আত্মাহুতির চেষ্টা করেন। তাঁর বয়স ২০ বছরের কিছু বেশি। আগুনে তাঁর সারা শরীর পুড়ে গেছে। হাসপাতালে তিনি কথা বলার চেষ্টা করেও পারেননি।তিব্বতের নির্বাসিত সরকার হিমালয়ের পাদদেশে অবস্থিত ভারতের ধর্মশালা শহর থেকে দাপ্তরিক কাজকর্ম সম্পন্ন করে। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত ১০০ জন তিব্বতি নাগরিক চীনের আধিপত্যের প্রতিবাদে শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাঁদের মধ্যে ৮৩ জনের মৃত্যু হয়। ভয়াবহ ওই প্রচেষ্টার অধিকাংশই ঘটেছে চীনের তিব্বতি-অধ্যুষিত বিভিন্ন এলাকায়। শততম আত্মাহুতির চেষ্টার ঘটনায় চীনা কর্তৃপক্ষকে দোষারোপ করেছেন তিব্বতের প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী লবস্যাং সাংগে। বিষয়টির প্রতি তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে বলেন, মত প্রকাশের স্বাধীনতা বা বিক্ষোভ প্রকাশের অন্য কোনো উপায় না পেয়ে তিব্বতিরা দুর্ভাগ্যজনকভাবে আত্মাহুতির পথ বেছে নিচ্ছেন। চীনের সরকার তিব্বত এলাকায় সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ আরোপ করেছে। এদিকে, আত্মাহুতির প্রতি মানুষকে উৎসাহিত করার জন্য তিব্বতিদের আধ্যাত্মিক গুরু দালাই লামাকে দায়ী করে চীন সরকার। তাদের দাবি, তিব্বতিদের জীবনমানের উন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে সেখানে বিপুল পরিমাণ বিনিয়োগ করা হয়েছে। দালাই লামা ১৯৫৯ সালে তিব্বত ছেড়ে ধর্মশালায় আশ্রয় নেন। কঠোর কর্মসূচি থেকে বিরত থাকার জন্য তিনি অনুসারিদের প্রতি অনুরোধ জানিয়েছেন। নয়াদিল্লিতে তাঁর দপ্তর থেকে শততম তিব্বতি ব্যক্তির আত্মাহুতির চেষ্টার ঘটনাটিকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করা হয়েছে। এএফপি।