শতবর্ষীর বিশ্বভ্রমণ
গণপরিবহনে চড়ে বিশ্বভ্রমণের কৃতিত্ব হয়তো অনেকেরই রয়েছে। কিন্তু একই কাজ করেও জাপানের ফুকুওকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইমেরিটাস (চাকরি থেকে অবসর গ্রহণের পরও যাঁর পদ এবং পদবি অক্ষুণ্ন থাকে) সাবুরো সোহচি অন্যদের চেয়ে ব্যতিক্রম। তাঁর কৃতিত্ব রীতিমতো বিস্ময়কর ও অনন্য। বিরল কীর্তি হিসেবে গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে সম্প্রতি তাঁর নাম উঠেছে।বিশ্বের সবচেয়ে প্রবীণ ব্যক্তি হিসেবে গণপরিবহনে চড়ে সম্প্রতি বিশ্বভ্রমণ শেষে জাপান ফিরে এসেছেন সাবুরো সোহচি। ৯৯ বছর বয়সে বিশ্বভ্রমণে তিনি বের হন। দুঃসাহসিক এই ভ্রমণ শেষে নিজ দেশে যখন সাবুরো সোহচি ফিরে আসেন, তখন তাঁর বয়স ১০৬ বছর!দীর্ঘ ভ্রমণ শেষে শতবর্ষী সাবুরো সম্প্রতি জাপান ফিরেছেন। দেশে ফেরার পথে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুকুওকা বিমানবন্দরে ভক্তরা তাঁকে অভিনন্দন জানান। বিমানবন্দরে প্রবীণ এই অধ্যাপক বলেন, ‘আমি আরও অনেক দিন বেঁচে থাকতে চাই।’গত বৃহস্পতিবার নিজের ১০৬তম জন্মদিন পালন করেছেন সাবুরো সোহচি। জন্মদিনে নিজের অসামান্য অর্জন ও দীর্ঘ জীবনরহস্য সম্পর্কে তিনি বলেন, ‘আমার সারা জীবনে আমি কখনোই বলিনি—আমি ক্লান্ত।’ এএফপি।