শতবর্ষেও স্বপ্ন অপূর্ণ
শতবর্ষেও একটি স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে সাবেক মিস্টার ইউনিভার্স মনোহর আইচের। তা হচ্ছে প্রিয় ব্যক্তিত্ব হলিউডের তারকা আর্নল্ড শোয়ার্জনেগারের সঙ্গে সাক্ষাৎ।১৯৫২ সালে লন্ডনে শরীর গঠন প্রতিযোগিতায় অংশ নিয়ে খর্বকায় শ্রেণীতে চ্যাম্পিয়ন হন মনোহর। ১ দশমিক ৪৯ মিটার (চার ফুট সাড়ে ১০ ইঞ্চি) উচ্চতার এই ভারতীয় বডিবিল্ডারের তখন স্ফীত অবস্থায় বুকের মাপ ছিল ১ দশমিক ২ মিটার।এই মার্চেই শতবর্ষ পূর্ণ হয়েছে কলকাতার বাসিন্দা মনোহরের। দুই দশক আগে শোয়ার্জনেগার অভিনীত হলিউডের একটি ছবি দেখেছিলেন মনোহর। সেই থেকে হলিউডের এই পেশিবহুল অভিনেতার ভক্ত বনে যান মনোহর। তিনি বলেন, ‘তিনি (শোয়ার্জনেগার) এখনো বেশ তরতাজা। শুধু বয়সের কারণে আমি তাঁর সঙ্গে দেখা করতে যুক্তরাষ্ট্রে যেতে পারছি না।’২০০৮ সাল পর্যন্ত টানা ব্যায়াম করেছেন মনোহর। ছাত্রদের প্রশিক্ষণ দিয়েছেন। ২০১০ সালে স্ট্রোক করার পর সবকিছু বাদ দেন। তাঁর মেয়ে বানী ব্যানার্জি জানান, ওই সময় তাঁর বাবাকে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল। মনোহর বলেন, ‘আমার স্বাস্থ্য দীর্ঘ দিন ভালো থাকার একটাই কারণ, আমি স্বাস্থ্যের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিলাম। আমি নিয়মিত ব্যায়াম করতাম এবং সুশৃঙ্খল জীবন কাটাতে সক্ষম হয়েছি।’মনোহরের পরিবারের সদস্যরা জানান, তিনি মাত্রা মেনে ভাত, ডাল, সবজি ও মাছ খান। অন্য কিছুতে তাঁর আসক্তি নেই।বানী ব্যানার্জি বলেন, ‘সবকিছুর ওপর তাঁর (মনোহর) কাজ হলো নিয়মিত স্বাস্থ্যরক্ষার নিয়ম মেনে চলা।’ বিবিসি।