শতাব্দীর ক্ষমতাধর নারীর তালিকায় ইন্দিরা তেরেসা ও হিলারি
গত শতাব্দীর ক্ষমতাধর ২৫ নারীর তালিকায় স্থান পেয়েছেন ইন্দিরা গান্ধী, হিলারি ক্লিনটন ও মাদার তেরেসা। শুক্রবার টাইম সাময়িকী এ তালিকা প্রকাশ করে।তালিকায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী নবম স্থানে রয়েছেন। মাদার তেরেসা রয়েছেন ২২তম স্থানে। তালিকার শীর্ষে আছেন শান্তিতে নোবেল পুরস্কারজয়ী প্রথম মার্কিন নারী জেন অ্যাডামস। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে ফিলিপাইনের প্রথম নারী প্রেসিডেন্ট কোরাজন অ্যাকুইনো এবং মার্কিন জীববিজ্ঞানী র্যাচেল কার্সন। বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন রয়েছেন ষষ্ঠ অবস্থানে। এ তালিকায় পদার্থ ও রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার বিজয়ী মেরি কুরি (সপ্তম), মার্কিন পপতারকা ম্যাডোনা (১১তম), জার্মানির বর্তমান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল (১৪তম), সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার (২৩তম), মার্কিন টিভি উপস্থাপিকা ও অভিনেত্রী অপরাহ উইনফ্রে (২৪তম) স্থান পেয়েছেন।ইন্দিরা গান্ধী সম্পর্কে টাইম সাময়িকী লিখেছে, তিনি জাতির কন্যা (নেশনস ডটার)। তাঁর বাবা জওহরলাল নেহেরু ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। তাঁরা ভারতকে এগিয়ে নিয়ে গেছেন। ১৯৬৬ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত টানা তিন মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন ইন্দিরা গান্ধী। পরে ১৯৮০ সালে চতুর্থ দফায় প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৮৪ সালে তাঁর দুই শিখ দেহরক্ষীর হাতে নিহত হন তিনি।উল্লেখ্য, ইন্দিরা গান্ধী ও মাদার তেরেসা ছাড়া এই তালিকায় এ উপমহাদেশের কোনো নারী স্থান পাননি। পিটিআই অনলাইন।