শত্রুদের মূল্য দিতে হবে: তুর্কি প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে স্থানীয় পর্যায়ের নির্বাচনে নিজ দল জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির (একেপি) বিজয় দাবি করেছেন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। একই সঙ্গে শত্রুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তাদের মূল্য দিতে হবে বলেও হুঁশিয়ার করেছেন তিনি।

আজ সোমবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার ওই নির্বাচন হয়।

বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, ৯৫ শতাংশ পর্যন্ত ভোট গণনা হয়েছে। এর মধ্যে একে পার্টি প্রায় ৪৫ শতাংশ ভোট পেয়েছে। প্রতিপক্ষ রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) পেয়েছে ২৮ দশমিক ৫ শতাংশ।

১২ বছরের মধ্যে প্রথমবারের মতো সম্প্রতি এরদোয়ানের শাসনব্যবস্থা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়ে। তাঁর সরকারের বিরুদ্ধে স্বৈরতান্ত্রিক আচরণ, রাষ্ট্রীয় গোপন তথ্য ফাঁস ও দুর্নীতির অভিযোগ করে আসছে বিরোধীরা।

আঙ্কারায় একে পার্টির সদর দপ্তরে দেওয়া ভাষণে এরদোয়ান তাঁর সমর্থকদের ধন্যবাদ জানান। প্রতিপক্ষকে তিনি শত্রু হিসেবে আখ্যায়িত করে বলেন, তাদের মূল্য দিতে হবে। বিচারের আওতায় আনা হবে।