পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফের ফাঁড়া কাটছেই না। একের পর এক সমস্যায় পতিত হচ্ছেন তিনি। আসন্ন পার্লামেন্ট নির্বাচনে অংশ নেওয়ার লক্ষ্যে দেশে ফিরে বর্তমানে তিনি এককথায় শনির দশায় পড়েছেন।মোশাররফ যখন দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলেন, তখন কি কল্পনা করেছিলেন পাকিস্তানে তাঁর জন্য এত কিছু অপেক্ষা করছে? এ প্রশ্নের উত্তর একমাত্র মোশাররফই দিতে পারেন। একজন ভাষ্যকার সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে মন্তব্য করেন, মোশাররফ নিশ্চিতভাবেই ভেবেছিলেন, দেশে ফেরার পর তাঁকে কী কী আইনি চ্যালেঞ্জের সামনে পড়তে হতে পারে। সেই ভাবনার মধ্যে সম্ভাব্য গ্রেপ্তার হওয়ার বিষয়টিও ছিল।তাহলে তার পরও মোশাররফ দেশে ফেরার ঝুঁকি নিলেন কোন বলে? কী উদ্দেশ্য নিয়ে? ইসলামাবাদের আদালতে মোশাররফের জামিন নাকচ হয়ে যাওয়ার পর তাঁর একজন আইনজীবী জানিয়েছিলেন, তিনি (মোশাররফ) শান্ত রয়েছেন। দেশটির বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তার মূল দায়িত্ব নির্বাচন আয়োজন নিয়েই হিমশিম খাচ্ছে। এর ওপর মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে মোশাররফকে নিয়ে সৃষ্ট পরিস্থিতি। মোশাররফের দেশে ফেরা দেশটির বিচার বিভাগের জন্যও হুমকি সৃষ্টি করেছে। আবার দেশটির সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তারাও চাচ্ছিলেন না, তিনি দেশে ফিরুন। দেশে ফেরার মাস খানেক আগেই সামরিক বাহিনীর পক্ষ থেকে তাঁকে এ বিষয়ে সতর্ক করা হয়েছিল।তাহলে কি মোশাররফকে দেশে ফিরে আসতে সাহস জুগিয়েছে সৌদি আরবের মতো দেশগুলো, যারা অতীতে বিভিন্ন সময়ে পাকিস্তানের যুদ্ধংদেহী শাসকদের মধ্যে মধ্যস্থতা করতে বড় ভূমিকা রেখেছে? মোশাররফকে রাষ্ট্রদ্রোহ মামলায় বিচারের মুখোমুখি করার কট্টর সমর্থকদের মধ্যে একজন হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। ১৯৯৯ সালে এক অভ্যুত্থানের মাধ্যমে তাঁকে ক্ষমতাচ্যুত করে সৌদি আরবে নির্বাসনে পাঠিয়েছিলেন মোশাররফ। তবে মোশাররফ দেশে ফেরার পর থেকে এ পর্যন্ত তাঁকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে নওয়াজ টুঁ শব্দটিও করেননি। ফলে অনেকেই সন্দেহ করছেন, সৌদি আরবই মোশাররফকে পেছন থেকে বল দিচ্ছে।পাকিস্তানে গণতন্ত্রের ভবিষ্যতের জন্য এটা বিশেষভাবেই স্পর্শকাতর একটা সময়। এ সময়ে কোনো ভুল করা হলে দেশটিকে আরও বেশি অস্থিতিশীল পরিস্থিতির মুখোমুখি হতে হবে।