শনির দশায় মালয়েশিয়া এয়ারলাইনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়া এয়ারলাইনসের ওপর যেন শনির দশা ভর করেছে। মাত্র চার মাসের ব্যবধানে ভয়ংকর দুটি দুঃস্বপ্ন। গত ৮ মার্চ রাতে ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর রহস্যজনকভাবে নিখোঁজ হয় এই এয়ারলাইনসের একটি উড়োজাহাজ।
৮ মার্চের সেই শোক কাটিয়ে উঠতে না উঠতে গত বৃহস্পতিবার রাতে ২৯৮ আরোহী নিয়ে নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম থেকে কুয়ালালামপুর ফেরার পথে একই এয়ারলাইনসের আরেকটি উড়োজাহাজ বিধ্বস্ত হলো। ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে কারা উড়োজাহাজটি ভূপাতিত করল, সেটি এখনো অজানা। খবর বিবিসির।
অল্প সময়ের ব্যবধানে এত বড় দুটি দুর্ঘটনার পর এই এয়ারলাইনসের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। এমএইচ-১৭ ফ্লাইটটি বিধ্বস্ত হওয়ার পরপরই মালয়েশিয়া এয়ারলাইনসের শেয়ারের দাম ১১ শতাংশ কমে গেছে। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের সঙ্গে রাশিয়ার উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় এশিয়ার কয়েকটি দেশের শেয়ারবাজারেও ধরপতন হয়। এসব বিষয় থেকে প্রশ্ন উঠেছে, মালয়েশিয়া এয়ারলাইনস টিকে থাকতে পারবে তো?
মালয়েশিয়া এয়ারলাইনসের ব্যাংকার হিসেবে কাজ করেন ডিভিবি ব্যাংকের বেসামরিক বিমান চলাচল বিভাগের শীর্ষস্থানীয় কর্মকর্তা বার্টান্ড্র গ্রাবস্কি। তিনি বলেন, এই এয়ারলাইনসের ইতিহাসে এমন ঘটনা ঘটেনি। এত অল্প সময়ের ব্যবধানে এমন দুটি ঘটনা একেবারে কাকতালীয় ছাড়া কিছু নয়। তিনি বলেন, এ অবস্থায় সরকারের সহযোগিতা আরও বেশি প্রয়োজন।
দীর্ঘদিন ধরে আর্থিক ক্ষতির মুখে আছে মালয়েশিয়া এয়ারলাইনস। গত নয় মাসে এর বাজারমূল্য ৪০ শতাংশের বেশি কমেছে। খবরে বলা হয়, মালয়েশিয়া এয়ারলাইনসকে ব্যক্তি খাতে ছেড়ে দেওয়ার উপায় খুঁজছে এর সবচেয়ে বড় শেয়ারধারী ও রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান খাজানা নাজিওনাল। গত কয়েক বছরে এয়ারলাইনসের পেছনে ১০০ কোটি ডলারেরও বেশি বিনিয়োগ করেছে এই প্রতিষ্ঠানটি। বিশ্লেষকেরা বলছেন, অল্প সময়ের মধ্যে ঘুরে দাঁড়াতে হলে এই এয়ারলাইনসের পেছনে আরও বিনিয়োগ লাগবে।
কুয়ালালামপুরের মেব্যাংকের বিনিয়োগ বিশেষজ্ঞ মহসিন আজিজ বলেন, পর্যাপ্ত তহবিল ছাড়া মালয়েশিয়া এয়ারলাইনসের এই ‘অনতিক্রম্য’ বাধা মোকাবিলা করা আর সম্ভব নয়।