শপথ নিলেন অখিলেশ যাদব
সমাজবাদী পার্টির (এসপি) তরুণ নেতা অখিলেশ যাদব গতকাল বৃহস্পতিবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। শপথ নেওয়ার পর অখিলেশ তাঁর দলকে সন্ত্রাসমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন। এ ছাড়া রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেবেন বলে তিনি ঘোষণা দেন।শপথ অনুষ্ঠানে সাদা কুর্তা ও কালো আস্তিনবিহীন জ্যাকেট পরিহিত ৩৮ বছর বয়স্ক অখিলেশকে তাঁর বাবা মুলায়ম সিং যাদবের মতোই দেখাচ্ছিল। শপথ গ্রহণ শেষে তিনি গভর্নর বি এল যোশির সঙ্গে দৃঢ়চিত্তে হাত নেড়ে সবাইকে অভিবাদন জানান। অখিলেশের মন্ত্রিসভার ১৯ জন সদস্যও গতকাল শপথ নেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ কমিউনিস্ট নেতা সীতারাম ইয়েচুরি, বিমান বসু ও শিল্পপতি অনিল আম্বানি।মন্ত্রিসভার সদস্যরা হলেন: আজম খান, শিবপাল সিং যাদব, আহমেদ হাসান, ওয়াকার আহমেদ শাহ, রাজা মাহেন্দ্র, আরিদামান সিং, অম্বিকা চৌধুরী, আনন্দ সিং, রঘুরাজ প্রতাপ সিং ওরফে রাজা ভাই, বলরাম যাদব, ওম প্রকাশ সিং, আবাদাস প্রসাদ, প্রশান্ত যাদব, রাম গোবিন্দ চৌধুরী, দুর্গা প্রসাদ যাদব, ব্রহ্ম শঙ্কর ত্রিপাঠি, কামেশ্বর উপাধ্যায়, রাজা রাম পান্ডে, রাজ কিশোর সিং ও শিবকুমার বেরিয়া।উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ৪০৩ আসনের মধ্যে এসপি ২২৪টি আসনে বিজয়ী হয়। এনডিটিভি অনলাইন।