শপথ নিলেন তিব্বতের নতুন প্রধানমন্ত্রী লবস্যাং সাংগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিব্বতের নির্বাসিত সরকারের প্রথম নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন লবস্যাং সাংগে। উত্তর ভারতের হিমাচল প্রদেশের পার্বত্য শহর ধরমশালার সুগলাগখাং মন্দিরে গতকাল সোমবার সকালে ওই শপথ গ্রহণ অনুষ্ঠান হয়েছে। বর্ণাঢ্য ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিব্বতের আধ্যাত্মিক নেতা দালাই লামা। সকাল নয়টা নয় মিনিট নয় সেকেন্ডে শপথ নেন লবস্যাং সাংগে। তিব্বতিদের কাছে নয় একটি শুভ সংখ্যা।শপথ অনুষ্ঠানের পর নতুন প্রধানমন্ত্রী তিব্বতকে চীনের ‘উপনিবেশ’ থেকে মুক্ত করার অঙ্গীকার করেছেন। এরপর অভিষেক ভাষণে তিনি চীনকে সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে তিব্বতকে মুক্ত করার আন্দোলন আরও শক্তিশালী হবে।রাজনৈতিক নেতৃত্ব থেকে দালাই লামার অবসর কিংবা মৃত্যুর পর তিব্বতের আন্দোলন থেমে যাওয়ার যে আশঙ্কা করা হচ্ছে, তা নাকচ করে ৪৩ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী বলেন, তিব্বতের স্বাধীনতা নিশ্চিত না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে। তিনি জোর দিয়ে বলেন, চীন বা চীনের জনগণের বিরুদ্ধে তাঁরা আন্দোলন করছেন না। বরং তিব্বতে চীনের কঠোর শাসননীতির বিরুদ্ধেই তাঁদের এ লড়াই। এ ছাড়া তিব্বতের স্বাধীনতা, ন্যায়, মর্যাদা ও জনগণের আত্মপরিচয়ের বিরোধিতাকারীদের বিরুদ্ধেও তাঁরা লড়াই করছেন। তিনি আরও বলেন, তিব্বতে কোনো সমাজতন্ত্র নেই। সেখানে রয়েছে উপনিবেশবাদ। তিব্বতে চীনের শাসন অন্যায্য এবং সমর্থনযোগ্য নয়।সাংগে বলেন, তিব্বতের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব সহজে দুর্বল হয়ে পড়বে না। গত এপ্রিলে তাঁকে নির্বাচিত করার মধ্য দিয়ে চীন সরকারের কাছে এ ব্যাপারে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।দালাই লামার অহিংসা ও মধ্যপন্থী নীতির প্রতি নিজের আস্থা ব্যক্ত করে তিব্বতের নতুন প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, চীনের দখলমুক্ত করে তিব্বতের পূর্ণ স্বায়ত্তশাসন নিশ্চিত করাই তাঁর লক্ষ্য।ধর্মীয় নেতাদের কর্তৃত্বের অবসানের পর তিব্বতের রাজনীতিতে সম্প্রতি ঐতিহাসিক পরিবর্তন এসেছে। নতুন প্রধানমন্ত্রী সাংগে কখনো তিব্বতের মাটিতে পা রাখার সুযোগ পাননি। তবু ধারণা করা হচ্ছে, তিনি তিব্বতকে মুক্ত করার আন্দোলন আমূল পরিবর্তন আনতে সমর্থ হবেন।উল্লেখ্য, চীনের শাসন থেকে তিব্বতকে মুক্ত করার দাবিতে ১৯৫৯ থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শান্তিতে নোবেলজয়ী দালাই লামা। তবে গণতান্ত্রিকভাবে নির্বাচিত না হলেও প্রভাবশালী আধ্যাত্মিক নেতা দালাই লামা তিব্বতের নীতিনির্ধারণী বিষয়গুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।তিব্বতের নতুন প্রধানমন্ত্রীকে পূর্বসূরি রাজনৈতিক নেতাদের চেয়ে অনেক কঠিন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। তিব্বতের নির্বাসিত সরকারকে বিদেশি রাষ্ট্রগুলো স্বীকৃতি দেয়নি, চীন এই সরকারকে প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া দালাই লামাবিহীন এ সরকার তিব্বতের সাধারণ জনগণের কাছেও কতটা গ্রহণযোগ্য হবে, তা নিয়েও সংশয় রয়েছে। এএফপি।