পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী মির হাজার খান খোসো গতকাল সোমবার শপথ গ্রহণ করেছেন। সে দেশের কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।পাকিস্তানের নির্বাচন কমিশন গত রোববার তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে সাবেক বিচারপতি মির হাজার খান খোসোর (৮৪) নাম চূড়ান্ত করে। এর আগে পার্লামেন্ট কমিটি ও প্রধান প্রধান রাজনৈতিক দলগুলো তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর নির্বাচনে মতৈক্যে পৌঁছাতে ব্যর্থ হয়।গতকাল প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সভাপতিত্বে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর শপথ অনুষ্ঠান হয়। রাষ্ট্রীয় টেলিভিশনে তা সরাসরি সম্প্রচার করা হয়। জারদারির ঘনিষ্ঠজন ও বিদায়ী সরকারের সদস্যরা এই অনুষ্ঠানে অংশ নেন। তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রীর প্রধান কাজ হবে আগামী ১১ মে পার্লামেন্ট নির্বাচনের আয়োজন করা। এর আগে তিনি তত্ত্বাবধায়ক মন্ত্রিপরিষদ গঠন করবেন।নির্বাচিত সরকার হিসেবে সদ্য মেয়াদ পূর্ণ করা পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী পদে যে দুজনের নাম প্রস্তাব করেছিল, খোসো তাঁদেরই একজন। প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগও (পিএমএল-এন) ওই পদের জন্য দুজনের নাম প্রস্তাব করেছিল।১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে এ পর্যন্ত দেশটিতে তিনবার সেনা-অভ্যুত্থান ঘটে এবং চারজন সামরিক শাসক দেশটি শাসন করেন। এবারই প্রথম দেশটিতে কোনো নির্বাচিত সরকার তার মেয়াদ পূর্ণ করার ইতিহাস সৃষ্টি করল। বর্তমান তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আগামী ১১ মে নির্বাচন অনুষ্ঠানের পর আরেকটি নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এএফপি।