শপথ নিলেন সুদানের প্রেসিডেন্ট বশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওমর হাসান আল বশির সুদানের প্রেসিডেন্ট হিসেবে গতকাল বৃহস্পতিবার শপথ নিয়েছেন। ১৯৮৯ সালে রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা গ্রহণের পর তিনিই নিরবিচ্ছিন্নভাবে সুদানের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। এক মাস আগে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বশির ৬৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। উত্তরাঞ্চলীয় আসনগুলোয় তাঁর দল ও জোট শতকরা ৯৫ ভাগ ক্ষেত্রে জয়ী হয়েছে। সংবিধান পরিবর্তনের জন্য প্রয়োজনীয় দুই-তৃতীয়াংশ আসনে জয় নিশ্চিত করেছে তাঁর দল। তবে প্রধান বিরোধী দল ব্যাপক প্রতারণার অভিযোগ এনে এ নির্বাচন বর্জন করেছে। সুদানের পার্লামেন্ট ভবনে প্রেসিডেন্ট বশিরের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। সাদা গাউন ও পাগড়ি পরে তিনি নতুন মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন। অনুষ্ঠানে শাদ ও মৌরিতানিয়াসহ আফ্রিকার অন্তত পাঁচটি দেশের সরকারপ্রধান উপস্থিত ছিলেন। তবে এতে পশ্চিমা কোনো দেশের সরকারপ্রধান যোগ দেননি। এ নিয়ে ইউরোপীয় কূটনীতিকেরা বিভক্ত হয়ে পড়েছেন। এক পক্ষ চান, আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বশিরের বিরুদ্ধে গণহত্যার বিচার করা হোক। অপর পক্ষ বলছে, দারফুরের গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের স্বার্থে আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হোক। সুদানের গোলযোগপূর্ণ দারফুরে জানুয়ারিতে গণভোট অনুষ্ঠিত হবে। ৯ জানুয়ারির এ নির্বাচনে দারফুরের জনগণ তাঁদের স্বাধীনতার পক্ষে-বিপক্ষে ভোট দেবেন।দারফুরের পশ্চিমাঞ্চলে গণহত্যা, ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে প্রেসিডেন্ট বশিরকে আন্তর্জাতিক অপরাধ আদালতে তলব করা হয়েছে। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করেছেন। রয়টার্স।