শপথের বাধ্যবাধকতা নেই চাভেজের: মাদুরো
ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বলেছেন, নতুন মেয়াদে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য নির্ধারিত দিনেই হুগো চাভেজকে শপথ নিতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। শারীরিক অসুস্থতার কারণে আগামী বৃহস্পতিবার যদি তিনি শপথ নিতে না-ও পারেন, তাহলেও তিনি নতুন মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পারবেন।এক টেলিভিশন সাক্ষাৎকারে মাদুরো এসব কথা বলেন। সমাজতন্ত্রপন্থী নেতা চাভেজকে (৫৮) কিউবার রাজধানী হাভানার একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সেখানে প্রায় তিন সপ্তাহ আগে তাঁর চতুর্থ দফা অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার-পরবর্তী নানা শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। আগামী বৃহস্পতিবার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের শপথ নেওয়ার কথা। কিন্তু শপথ অনুষ্ঠানে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্থা তাঁর নেই। সর্বশেষ অস্ত্রোপচারের পর থেকে জনসমক্ষে আসেননি চাভেজ। তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছে। বৃহস্পতিবার চাভেজ শপথ গ্রহণ করতে না নিলে কী হবে, এটা নিয়ে রাজনৈতিক বিশ্লেষক, সরকার ও বিরোধী দলের নেতাদের মধ্যে দেখা দিয়েছে মতবিরোধ।বিরোধীদলীয় নেতাদের মধ্যে অনেকের দাবি, চাভেজ দেশে নেই। তাই তাঁকে নিজ কার্যালয়ে চূড়ান্ত অনুপস্থিত ঘোষণা করা হোক। পার্লামেন্টের স্পিকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে পরবর্তী ৩০ দিনের মধ্যে আবার নির্বাচন দেওয়া হোক। বিরোধীদের এই দাবি নাকচ করেছেন ভাইস প্রেসিডেন্ট মাদুরো। তিনি বলেছেন, ‘বৃহস্পতিবারই চাভেজের শপথ নিতে হবে, সংবিধানে এমন কোনো কথা নেই।’ এ ছাড়া চাভেজকে তাঁর কার্যালয়ে সম্পূর্ণ অনুপস্থিত ঘোষণারও কোনো কারণ নেই। তাঁর আনুষ্ঠানিক শপথের বিষয়টি সুপ্রিম কোর্টে সমাধা হতে পারে। সুপ্রিম কোর্ট পরে কোনো একসময় চাভেজকে শপথ পাঠ করাতে পারবেন। দেশটির সংবিধানের পকেট-আকৃতির একটি কপি হাতে নিয়ে বিরোধীদের উদ্দেশে মাদুরো বলেন, ‘চাভেজ এখনো প্রেসিডেন্ট। জনগণকে বিভ্রান্ত করবেন না। গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করুন।’ বিরোধী জোটের প্রধান রামন গুইলারমো আভেলেদো গণমাধ্যম কর্মীদের বলেন, ‘প্রেসিডেন্ট অনুপস্থিত। অথচ বিষয়টি স্বীকার করতে চাচ্ছে না সরকার। সরকারি ভাষ্যের নামে যা বলা হচ্ছে, তা সহ্য করা যায় না।’ সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচারের পর প্রেসিডেন্টের ফুসফুসে মারাত্মক সংক্রমণ দেখা দিয়েছে। গত অক্টোবরে অনুষ্ঠিত নির্বাচনে চাভেজ চতুর্থ দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভাইস প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘অবসাদ দূর করার জন্য বিশ্রাম নেওয়ার ও প্রশান্ত থাকার অধিকার প্রেসিডেন্টের আছে। তিনি আবারও আমাদের মাঝে কমান্ডার হিসেবে ফিরে আসবেন।’ বিবিসি।