শপিং মলে কুমির!

জলের কুমির ডাঙায় না হয় মেনে নেওয়া যায়। তাই বলে শপিং মলে বিচরণ! সম্প্রতি এ ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিপণি কেন্দ্রে। তবে কারও কোনো ক্ষতির কারণ হয়নি। চার ফুট লম্বা নীল নদের ওই কুমিরটি উদ্ধার করে তা সংরক্ষণাগারে নিয়ে যাওয়া হয়েছে।
পিটিআইয়ের খবরে জানানো হয়, চলতি সপ্তাহের শুরুর দিকে ওই বিপণি কেন্দ্রের চারপাশে কুমিরটি ঘোরাফেরা করছিল। পরে কুমিরটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। পুলিশ জানায়, ওই শপিং মলের কাছে সার্পেন্টারিয়াম নামের একটি সরীসৃপ জাতীয় প্রাণী কেনাবেচার প্রতিষ্ঠানের সামনে কেউ কনটেইনারে করে কুমিরটিকে রেখে যায়। এটার মুখ অবশ্য স্কচটেপ দিয়ে মোড়ানো ছিল। কুমিরটি কোনো ক্রমে কনটেইনার থেকে বেরিয়ে বিপণি কেন্দ্রের চারপাশে ঘোরাফেরা শুরু করে। শপিং মলে কেনাকাটা করতে আসা লোকজন কুমির দেখে ভয় পেয়ে কর্তৃপক্ষকে জানায়। এরপর সেটিকে উদ্ধার করা হয়।
সার্পেন্টারিয়ামের একজন কর্মকর্তা বলেন, ‘কুমিরটি শপিং মলের চারপাশে ঘুরঘুর করছিল। পরে আমরা প্রাণী নিয়ন্ত্রণ কর্তৃপক্ষকে ডেকে সেটা উদ্ধার করি। প্রথমে দড়ির ফাঁস দিয়ে কুমিরটিকে বেঁধে ফেলা হয়। তারপর ক্যালিফোর্নিয়ার ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়।’
ফিশ অ্যান্ড ওয়াইল্ডলাইফ ডিপার্টমেন্টের মুখপাত্র প্যাট্রিক ফয় বলেন, চার ফুট লম্বা এ কুমিরটি কোনো শিশুকে গুরুতর আহত করা বা মেরে ফেলার মতো ভয়ংকর।