মিসরে পার্লামেন্ট বিলুপ্ত করে সুপ্রিম কাউন্সিল ‘পাল্টা অভ্যুত্থান’ ঘটিয়েছে বলে মনে করছে কয়েকটি দল
শফিক নির্বাচিত হলে সামনে দুর্দিন আসছে: ব্রাদারহুড
মিসরে দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচনে দুই দিনব্যাপী ভোট গ্রহণ শুরু হচ্ছে আজ শনিবার। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মুসলিম ব্রাদারহুডের প্রার্থী মোহাম্মদ মুরসি ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের প্রধানমন্ত্রী আহমেদ শফিক। নির্বাচনের আগমুহূর্তে ব্রাদারহুড জনগণকে সতর্ক করে দিয়ে বলেছে, ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে সম্পৃক্ত কাউকে ভোট দিলে মিসরের সামনে ‘দুর্দিন’ অপেক্ষা করছে।আরও কয়েকটি দল এক যৌথ বিবৃতিতে বলেছে, পার্লামেন্ট বিলুপ্ত করে মিসরের ক্ষমতাসীন সেনাবাহিনীর সুপ্রিম কাউন্সিল ‘পাল্টা অভ্যুত্থান’ ঘটিয়েছে। প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই কাউন্সিল বেশ কিছু ব্যবস্থা নিয়েছে, যা তাদের ক্ষমতাকে সুসংহত করেছে।মিসরের দ্য সুপ্রিম কনস্টিটিউশনাল কোর্ট গত বৃহস্পতিবার এক রায়ে দেশটির পার্লামেন্ট বিলুপ্ত ঘোষণা করেছেন। একই সঙ্গে প্রেসিডেন্ট নির্বাচনে মোবারকের প্রধানমন্ত্রী আহমেদ শফিকের মনোনয়নের বৈধতা দেন।মিসরের পার্লামেন্ট গত এপ্রিলে একটি আইন পাস করে। ওই আইনে বলা হয়, মোবারকের পতন হওয়ার সময় থেকে আগের ১০ বছরে তাঁর প্রশাসনে থাকা শীর্ষপর্যায়ের কর্মকর্তা এবং বর্তমানে নিষিদ্ধ মোবারকের দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির নেতারা প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারবেন না। নির্বাচনের প্রক্রিয়ার শুরুতে ওই আইনবলে শফিকের প্রার্থিতা বাতিল করা হয়। তবে শফিক এর বিরুদ্ধে আপিল করলে নির্বাচন কমিশন তাঁর প্রার্থিতা বহাল রাখে। পাশাপাশি বিষয়টি আদালতে গড়ায়। এর পরিপ্রেক্ষিতে আদালত গত বৃহস্পতিবার ওই রায় দেন।রায় ঘোষণার পর ব্রাদারহুডের বিবৃতিতে বলা হয়, ‘এই সিদ্ধান্তে মনে হচ্ছে, মিসর কঠিন সময়ের দিকে এগিয়ে যাচ্ছে। এটা হবে মোবারকের আমলের শেষ দিনগুলোর চেয়েও বিপজ্জনক।’ব্রাদারহুডের প্রেসিডেন্ট প্রার্থী মুরসি মিসরের একটি টেলিভিশন চ্যানেলে বলেন, তিনি আদালতের এই রায়ে অসন্তুষ্ট। তার পরও রায় মেনে নিয়েছেন। এদিকে আহমেদ শফিক এই রায়কে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন। রায় ঘোষণার পর আদালত এলাকায় সমর্থকদের উদ্দেশে তিনি এ কথা বলেন।ছয়টি দল এক যুক্ত বিবৃতিতে বলেছে, সাম্প্রতিক বেশ কিছু ঘটনা থেকে বোঝা যায় সুপ্রিম কাউন্সিল পাল্টা অভ্যুত্থানের চেষ্টা করছে, যা মোবারক সরকারকে ক্ষমতার কাছাকাছি নিয়ে এসেছে। প্রেসিডেন্ট নির্বাচন আনুষ্ঠানিকতামাত্র।প্রথম দফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী ইসলামপন্থী আবদুল মোনেম আবদুল ফত্তহ বলেন, পার্লামেন্ট ভেঙে দেওয়া ‘পুরোপুরি অভ্যুত্থান’। পার্লামেন্টে দ্বিতীয় বৃহত্তম দল দ্য আল সালাফিস্ট আল-নূর পার্টি বলেছে, ক্ষমতাসীনেরা ভোটারদের ইচ্ছাকে পুরোপুরি অগ্রাহ্য করেছেন।গত ২৩ ও ২৪ মে অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনে ব্রাদারহুডের মুরসি ২৪ দশমিক ৭৮ শতাংশ ভোট পেয়ে প্রথম এবং ২৩ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়ে আহমেদ শফিক দ্বিতীয় হন। তবে দুজনের কেউই প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। তাই আবার নির্বাচন হচ্ছে। এএফপি, বিবিসি।