শরণার্থীদের দেশে ফিরিয়ে নিতে পদক্ষেপ নেবেন সু চি
থাইল্যান্ডে অবস্থানরত মিয়ানমারের শরণার্থীদের সঙ্গে দেখা করেছেন গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি। তিনি গতকাল শনিবার থাইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার মায়ে লা শরণার্থীশিবিরে গেলে হাজার হাজার শরণার্থী তাঁকে স্বাগত জানায়।নিজ দেশের শরণার্থীদের উদ্দেশে সু চি বলেন, ‘আপনাদের প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। আপনারা যাতে দেশে ফিরে যেতে পারেন, এ জন্য যতটা সম্ভব আমি চেষ্টা করব। আপনাদের কথা আমি ভুলব না।’মিয়ানমারের প্রায় এক লাখ ৪০ হাজার লোক থাইল্যান্ডের বিভিন্ন শরণার্থীশিবিরে বাস করছে। তাদের বেশির ভাগই সেখানে মানবেতর জীবন যাপন করছে।সু চি যে শরণার্থীশিবির পরিদর্শন করেছেন সেই ‘মায়ে লা ক্যাম্প’-এ প্রায় ৫০ হাজার লোক রয়েছে। এখানকার বেশির ভাগ লোকই মিয়ানমারের কারেন আদিবাসী। সু চির আগমনকে ঘিরে ওই শিবিরে ছিল উৎসবের আমেজ। শরণার্থীরা ঐতিহ্যবাহী পোশাক পরে এবং পতাকা উড়িয়ে নোবেল জয়ী এই নেত্রীকে বরণ করে নেয়।মায়ে লা ক্যাম্পের শরণার্থীনেতাদের সঙ্গে সু চি কথা বলেন এবং সেখানে প্রায় ৯০ মিনিট অবস্থান করেন। সেখানকার একজন শরণার্থী মে পাহ কাই (৩৭)। ২০০৬ সালে তিনি এই শরণার্থীশিবিরে এসেছেন। সু চি এই শিবিরের লোকদের দেখতে আসায় তিনি আশাবাদী যে আবার গ্রামে ফিরে যেতে পারবেন।পাহ কাই বলেন, ‘আমরা আমাদের গ্রামে ফিরে যেতে চাই। সেখানে আমাদের মা-বাবা ও ভাইবোনেরা রয়েছেন। তাঁদের সঙ্গে থাকতে চাই। যদি আমাদের দেশে গণতন্ত্র ফিরে আসে, তবেই এটা সম্ভব হবে।’১৯৪৮ সালে ব্রিটিশদের কাছ থেকে মিয়ানমারের স্বাধীনতা লাভের পরই কারেন আদিবাসীদের একটি অংশ নিজেদের অধিকার আদায়ে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরু করে। পৃথিবীর ইতিহাসে এটি দীর্ঘতম জাতিগত বিদ্রোহ।সম্প্রতি কারেন বিদ্রোহীদের সঙ্গে মিয়ানমারের সেনাসমর্থিত সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে।চলতি বছরের জানুয়ারি মাসে কারেন বিদ্রোহীদের রাজনৈতিক শাখা কারেন ন্যাশনাল ইউনিয়ন সরকারের সঙ্গে জাতিগত সহিংসতা নিরসনে একটি চুক্তি সই করে। ওই চুক্তির পরিপ্রেক্ষিতেই এমন আশাবাদ তৈরি হয়েছে যে দুই পক্ষই সংঘাত নিরসনে সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছে। পারমাণবিক গবেষণা বন্ধ করল মিয়ানমারমিয়ানমার সে দেশের পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে গবেষণা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী গতকাল শনিবার এ কথা জানান।সিঙ্গাপুরে অনুষ্ঠিত এশীয় নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে প্রতিরক্ষামন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল লা মিন বলেন, ব্যবহারিক বাধার কারণে মিয়ানমারে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার নিয়ে প্রাতিষ্ঠানিক গবেষণা যথেষ্ট এগোয়নি। তিনি বলেন, ‘নতুন সরকারের অধীন আমরা ইতিমধ্যে পরমাণুবিষয়ক সব কার্যক্রম বন্ধ করে দিয়েছি। এটি চালিয়ে নেওয়ার কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের নেই।’‘সাংগ্রাই-লা ডায়ালগ’ শীর্ষক ওই সম্মেলনে লা মিন স্বীকার করেন, ‘সেনানিয়ন্ত্রিত গত সরকারের আমলে এই গবেষণা শুরু হয়। এ বিষয়ে আমরা স্পষ্টভাবে জানিয়েছি, এটি প্রতিরক্ষা খাতকে লক্ষ্য করে কিংবা কোনো অস্ত্র নির্মাণের উদ্দেশ্যে শুরু হয়নি। এটি কেবলই গবেষণার মধ্যে সীমাবদ্ধ ছিল।’ জাতিসংঘের ২০১০ সালের একটি প্রতিবেদনে মিয়ানমার, ইরান ও সিরিয়ায় কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া নিষিদ্ধ পরমাণু ও ব্যালিস্টিক সরঞ্জাম সরবরাহ করছে বলে অভিযোগ তোলা হয়। কিন্তু গত জানুয়ারিতে সিঙ্গাপুরের স্ট্রেইটস টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন ওই অভিযোগকে ‘অমূলক’ বলে আখ্যায়িত করেন এবং তাঁর দেশ পিয়ংইয়ং থেকে পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা চালাচ্ছে—এমন কথা নাকচ করে দেন। এএফপি।