অস্ট্রেলিয়ায় আশ্রয়প্রার্থীদের একটি আটককেন্দ্রে সুদানের এক শরণার্থীর মৃত্যুর জেরে সেখানকার অবস্থা নিয়ে আবার বিতর্ক ও সমালোচনা শুরু হয়েছে। ফয়সাল ইসহাক আহমেদ নামের (২৭) ওই ব্যক্তি ব্রিসবেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পাপুয়া নিউগিনির মানুস আইল্যান্ডে অবস্থিত বন্দিশিবিরে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। অভিবাসন বিভাগ সূত্র গত শনিবার এ তথ্য দিয়েছে। তবে কর্তৃপক্ষ এ ঘটনায় সন্দেহজনক কিছু পায়নি বলে দাবি করছে। শরণার্থীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন রিফিউজি অ্যাকশন কোয়ালিশনের মুখপাত্র ইয়ান রিনটুল বলেন, ফয়সাল কয়েক সপ্তাহ ধরে বিনা চিকিৎসায় কষ্ট পাচ্ছিলেন। তাঁর মৃত্যুতে আটককেন্দ্রে থাকা আশ্রয়প্রার্থীরা বিক্ষোভ করেছেন। মানুস আইল্যান্ডে গত চার বছরে এ নিয়ে তিন বন্দীর মৃত্যু হলো। অস্ট্রেলীয় সরকারের সঙ্গে চুক্তির আওতায় নৌকাযোগে আসা আশ্রয়প্রার্থীদের সেখানে আটক রাখা হয়।