শর্ত পূরণ হলে দিল্লির মসনদে বসবে আম আদমি

দিল্লির সরকার গঠনের জন্য আম আদমি পার্টি (এএপি) নতুন পদক্ষেপ নিয়েছে। দলটির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের সঙ্গে দেখা করেছেন এবং কংগ্রেস ও বিজেপির কাছে পত্র দিয়েছেন।
এএপি এতগুলো আসনে জিতেও সরকার চালানোর দায়িত্ব এড়িয়ে যেতে চায়, এমন অভিযোগ থেকে মুক্তি পেতে দলটি উদ্যোগী হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বলছে, এএপির প্রধান অরবিন্দ কেজরিওয়াল আজ লেফটেন্যান্ট গভর্নর নাজিব জংয়ের সঙ্গে বৈঠক করেছেন। নাজিব জং জানিয়েছেন, পরিস্থিতি জানিয়ে তিনি রাষ্ট্রপতির কাছে প্রতিবেদন পাঠাবেন এবং কেন্দ্রকে জানাবেন যে আপাতত দিল্লিতে সরকার গঠন করা সম্ভব হচ্ছে না।
কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী ও বিজেপির প্রধান রাজনাথ সিংকে কেজরিওয়াল যে চিঠি পাঠিয়েছেন, সেগুলোর অনুলিপি তিনি নাজিব জংয়ের কাছে হস্তান্তর করেন। ওই চিঠিতে এএপির ১৮টি শর্ত রয়েছে। শর্তগুলোর মধ্যে আছে দিল্লিতে মহাগুরুত্বপূর্ণ ব্যক্তির (ভিআইপি) সংস্কৃতি বন্ধ করা, বিদ্যুত্ কোম্পানির হিসাব নিরীক্ষণে স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় সংসদদের জন্য স্থানীয় তহবিল কার্যক্রম বাতিল করা।
এদিকে কংগ্রেস নাটকীয়ভাবে এএপিকে কোনো শর্ত ছাড়াই তার আটজন নির্বাচিত প্রতিনিধির সমর্থন দিতে রাজি হয়েছে।
কেজরিওয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, নাজিব জংয়ের সঙ্গে বৈঠকে তিনি সরকার গঠনের জন্য সময় চাননি। লেফটেন্যান্ট গভর্নর তাঁকে বলেছেন, যখন তিনি সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করতে পারবেন, তখন যেন তিনি তাঁর (নাজিব) সঙ্গে যোগাযোগ করেন।
লেফটেন্যান্ট গভর্নর সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ‘আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল কংগ্রেসের সমর্থনপত্রসহ দেখা করেছেন এবং বলেছেন, তিনি কেবল তখনই সরকার গঠন করবেন যখন দিল্লির জনমত সরকার গঠন করতে বলবে।’
দিল্লি বিধানসভার নির্বাচনে ৭০টি আসনের মধ্যে সর্বোচ্চ ৩১টি আসনে জয়ী হয়েছে বিজেপি। এএপি পেয়েছে ২৮টি, কংগ্রেস আটটি এবং স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন দুটি আসনে। সরকার গঠনের জন্য কোনো দলের অন্তত ৩৬টি আসনে জয়লাভের প্রয়োজন হয়।
জয়ের পর এএপি বলেছিল, তারা কংগ্রেস বা বিজেপি কোনো দলেরই সমর্থন নিয়ে সরকার গঠন করবে না।
দ্বিতীয় সংখ্যাগরিষ্ঠ এএপি কংগ্রেস ও বিজেপির সমর্থন নিয়ে সরকার গঠনের জন্য চেষ্টা করছে।