সিরিয়ার সরকারবিরোধী প্রধান পক্ষ সিরিয়ান ন্যাশনাল কাউন্সিল (এসএনসি) শর্ত সাপেক্ষে জেনেভায় দ্বিতীয় দফা শান্তি সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গতকাল সোমবার এসএনসির এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
সিরিয়া সংকট সমাধানে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও যুক্তরাজ্য জেনেভায় শান্তি সম্মেলন আয়োজনের উদ্যোগ নেয়। চলতি মাসের শেষ দিকে ওই সম্মেলন হওয়ার কথা থাকলেও আসাদবিরোধী পক্ষগুলোর উপস্থিতি নিয়ে অনিশ্চয়তা দেখা দেওয়ায় তা বিলম্বিত হচ্ছে।
পশ্চিমা দেশগুলোর সমর্থনপুষ্ট এসএনসির বিবৃতিতে বলা হয়, তারা সম্মেলনে যোগ দিতে রাজি। কিন্তু তার আগে কিছু শর্ত পূরণ হতে হবে। এর মধ্যে অন্যতম হলো, সম্মেলনের মাধ্যমে সিরিয়ায় রাজনৈতিক পালাবদল নিশ্চিত করতে হবে। আর অন্তর্বর্তী সরকারে সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট বাশার আল-আসাদের কোনো ভূমিকা রাখা যাবে না। এ ছাড়া সরকারি বাহিনীর হাতে অবরুদ্ধ এলাকাগুলোয় ত্রাণ সংস্থাগুলোকে ঢোকার সুযোগ ও রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার শর্ত দিয়েছে তারা।
বিবৃতিতে আরও বলা হয়, এসএনসি সিরিয়ার ভেতর ও বাইরে অবস্থান করা সরকারবিরোধী পক্ষগুলোর কাছে তাদের এমন অবস্থান নেওয়ার কারণ ব্যাখ্যা করবে।
তুরস্কের ইস্তাম্বুলে প্রায় দুদিন ধরে আলোচনার পর শর্ত সাপেক্ষে দ্বিতীয় দফায় জেনেভা সম্মেলনে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেয় এসএনসি। এসএনসির সদস্য আদিব সিসাকলি বলেন, ‘আমরা সবাই আশা করি, আসন্ন সম্মেলনের মাধ্যমে বাশার আল-আসাদের বিদায় নিশ্চিত করা হবে।’
সিরিয়া সরকার জেনেভায় দ্বিতীয় দফা সম্মেলনে যোগ দেওয়ার ব্যাপারে আগেই নিজেদের ইতিবাচক অবস্থানের কথা জানিয়েছে। তবে এ জন্য সরকারবিরোধীদের কোনো পূর্বশর্ত মানার বিষয়টি নাকচ করে দিয়েছে।
জাতিসংঘ ও আরব লিগের বিশেষ দূত লাখদার ব্রাহিমি গত সপ্তাহে বলেন, ‘দুর্ভাগ্যজনক হলো, আমরা শান্তি সম্মেলনের তারিখ ঘোষণা করার মতো অবস্থানে পৌঁছাতে পারিনি।’ তবে তিনি আশা প্রকাশ করেন, চলতি বছর শেষ হওয়ার আগেই এ সম্মেলন আয়োজন সম্ভব হবে। সেই লক্ষ্যে ২৫ নভেম্বর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসবেন বলেও জানান ব্রাহিমি।
বাশার আল-আসাদের পদত্যাগের দাবিতে ২০১১ সালের মার্চে সিরিয়ায় বিক্ষোভ শুরু হয়। ধীরে ধীরে তা সহিংসতায় রূপ নেয়। আড়াই বছরের বেশি সময় ধরে চলা এই সহিংসতায় এক লাখ ২০ হাজারের বেশি মানুষ প্রাণ হারায়। বাস্তুচ্যুত হয়েছে ৬০ লাখ মানুষ। এর মধ্যে অন্তত ২০ লাখ মানুষ দেশ ছেড়ে পালিয়েছে। এএফপি।