শস্যের নতুন জাত উষ্ণায়নের সঙ্গে তাল রাখতে ব্যর্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বৈশ্বিক উষ্ণায়নের কারণে নতুন সহনশীল জাতের প্রচলন করতে না পারলে এক দশকের মধ্যে বিশ্বজুড়ে ফসলের উৎপাদন কমে যেতে পারে। নতুন এক গবেষণা বলছে, ফসলের নতুন জাতের উন্নয়নের চেয়ে তাপমাত্রা তুলনামূলকভাবে দ্রুত বাড়ায় তা উষ্ণায়নের সঙ্গে তাল রাখতে পারছে না।
নেচার ক্লাইমেট চেঞ্জ নামের এক সাময়িকীতে গত সোমবার এ বিষয়ে একটি গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়। ইউনিভার্সিটি অব লিডসের অধ্যাপক অ্যান্ডি চ্যালেনর এর মূল লেখক। গবেষণাটিতে আফ্রিকায় ভুট্টা চাষের ওপর জোর দেওয়া হয়। গবেষকদের ধারণা, পুরো গ্রীষ্মমণ্ডলীয় এলাকার ফসল বিশেষ করে ভুট্টার ফলনের ওপর উষ্ণতাবৃদ্ধির প্রভাব পড়তে পারে।
গবেষণায় বলা হয়েছে, আফ্রিকায় ভুট্টার নতুন জাত উদ্ভাবনে ১০ থেকে ৩০ বছর লেগে যাবে। তত দিনে বিশ্বের জলবায়ু আরও উষ্ণ হয়ে যাবে।
এই গবেষণায় শস্য উৎপাদনের পুরো মেয়াদকালের (রোপণ থেকে ফসল তোলা) ওপর তাপমাত্রা বাড়ার প্রভাব গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। এর ভিত্তিতে বলা হচ্ছে, উষ্ণতর বিশ্বে শস্য উৎপাদন চক্রের মেয়াদ কম হবে এবং এতে ফলনের পরিমাণ প্রভাবিত হবে।
গবেষকদের ভাষ্য, কিছু অঞ্চলে ২০১৮ সালের মধ্যে ফসল চাষের সময়কাল উল্লেখযোগ্যভাবে কমে যাবে। ২০৩১ সাল নাগাদ আফ্রিকার অধিকাংশ ভুট্টা চাষের এলাকা ক্ষতিগ্রস্ত হবে।
প্রধান গবেষক অ্যান্ডি চ্যালেনর বলেন, ‘জলবায়ু পরিবর্তনের প্রভাবকে সামনে রেখে বিশ্বের কৃষকদের জন্য কিছু পদক্ষেপ নিতে জলবায়ু তহবিল ব্যবহার করা যেতে পারে। বিশ্বে খাদ্যের নিশ্চয়তার জন্যই তা প্রয়োজন।’