শস্যের মালিকানায় সংস্কার আনছে উ. কোরিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়া শস্যের মালিকানাব্যবস্থায় সংস্কারমূলক পদক্ষেপ নিতে চলেছে বলে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে আভাস পাওয়া গেছে। এ পদক্ষেপ নেওয়া হলে দেশটির কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলের আরও বেশি অংশ নিজেদের কাছে রেখে দিতে পারবেন, এত দিন যা তাঁদের রাষ্ট্রীয় গুদামে জমা দিতে হতো। সম্ভাব্য ওই পদক্ষেপকে দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত অর্থনীতির উৎপাদনশীলতা বাড়ানোর প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। দেশটির অর্থনীতিতে দীর্ঘদিন ধরে তীব্র খাদ্যসংকট চলছে।সরকার আনুষ্ঠানিকভাবে এখনো ওই সংস্কারের কথা ঘোষণা করেনি। কিন্তু সাম্প্রতিক মাসগুলোয় ছড়িয়ে পড়া গণমাধ্যমের খবরে বলা হয়েছে, কিম জং-উনের প্রশাসন অর্থনেতিক সংস্কারের পরিকল্পনা নিতে পারে। এদিকে উত্তর কোরিয়ায় আজ মঙ্গলবার পার্লামেন্টের দ্বিতীয় দফা বার্ষিক অধিবেশন শুরু হচ্ছে। এটি এক বিরল ঘটনা। তবে অধিবেশনের আলোচ্যসূচি নিয়ে এখনো কিছু প্রকাশ করা হয়নি।সম্ভাব্য ওই অর্থনৈতিক সংস্কার নিয়ে দেশের ভেতর ও বাইরে উভয় গণমাধ্যমেই খবর প্রচারিত হয়েছে। দেশটিতে কৃষকদের উৎপাদিত ফসলের কিছু অংশ পরিবারের জন্য রেখে বাকি সবটাই সরকারের ভান্ডারে তুলে দিতে হয়।রাজধানী পিয়ংইয়ংয়ের দক্ষিণের দুজন কৃষক বার্তা সংস্থা এপিকে বলেন, নতুন ব্যবস্থায় তাঁরা সরকারি সংরক্ষণের (কোটা) অতিরিক্ত ফসলে নিজেদের মালিকানা লাভ করবেন। এ ব্যবস্থা চলতি বছরের শেষ নাগাদ চালু হবে। রয়টার্স বলেছে, এ পরিকল্পনায় কৃষকেরা আরও ফসল উৎপাদনে উৎসাহ পাবেন। অঞ্চলের ওপর ভিত্তি করে তাঁরা তাঁদের ফসলের ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নিজেদের কাছে রাখতে কিংবা বিক্রি করতে পারবেন। বিবিসি।