শাকিল আফ্রিদিকে মুক্তি দিতে মার্কিন কর্মকর্তাদের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে সহায়তাকারী চিকিৎসক শাকিল আফ্রিদিকে মুক্তি দিতে পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ কর্মকর্তারা। তাঁরা বলেছেন, চিকিৎসক শাকিল যুক্তরাষ্ট্র ও পাকিস্তান—উভয় দেশের স্বার্থে কাজ করেছেন।বিশ্বাসঘাতকতার দায়ে চিকিৎসক শাকিলকে পাকিস্তানের খাইবারের একটি আদালত গত বুধবার ৩৩ বছরের কারাদণ্ড দেন। চিকিৎসক শাকিলকে রক্ষায় প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসন কোনো পদক্ষেপ না নিয়ে নীরব থাকায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক কমিটি। কমিটির চেয়ারম্যান পিটার কিংয়ের উদ্ধৃতি দিয়ে ফক্স নিউজের খবরে বলা হয়, ওসামাকে হত্যায় অভিযানের সময় থেকেই বিষয়টি খুব দুর্বলভাবে পরিচালনা করা হয়েছে। তাঁর পরিচয় প্রকাশ করে দেওয়া হয়েছে।পাকিস্তানের অ্যাবোটাবাদে ওসামার অবস্থান সম্পর্কে মার্কিন গোয়েন্দা সংস্থাকে তথ্য দিয়ে সহায়তা করেন চিকিৎসক শাকিল। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মার্কিন বিশেষ বাহিনী গত বছরের মে মাসে সেখানে অভিযান চালিয়ে ওসামাকে হত্যা করে। ওসামাকে হত্যার ঘটনা সম্পর্কে জানেন এমন একজন জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা দাবি করেন, চিকিৎসক শাকিলকে কখনোই পাকিস্তানের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করার জন্য বলা হয়নি। তাঁকে শুধু ওসামার অবস্থান শনাক্ত করতে সাহায্যের জন্য বলা হয়েছিল যে ওসামা যুক্তরাষ্ট্র ও পাকিস্তান উভয় দেশের জন্যই ছিলেন হুমকি।