শাকিল আফ্রিদিকে হত্যা করার হুমকি জঙ্গিদের
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে সহযোগিতা করার দায়ে পাকিস্তানি চিকিৎসক শাকিল আফ্রিদিকে হত্যা করার ঘোষণা দিয়েছে দেশটির নিষিদ্ধঘোষিত ইসলামি জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান (টিআইপি)।আল-কায়েদার নেতা ওসামা বিন লাদেনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে সিআইএকে সহযোগিতা করার দায়ে সম্প্রতি পাকিস্তানের আদালত শাকিলকে ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। শাকিল বর্তমানে পেশোয়ার কেন্দ্রীয় কারাগারে সাজা ভোগ করছেন।তেহরিক-ই-তালেবানের উপপ্রধান ওয়ালিউর রহমান এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকাকে বলেন, ‘আমরা প্রকাশ্যেই ঘোষণা করেছি, চিকিৎসক শাকিল আফ্রিদি আমাদের স্বীকৃত শত্রু। আমাদের যোদ্ধারা যেখানেই তাঁকে পাবে, সেখানেই হত্যা করবে।’ তিনি বলেন, ‘শাকিল যা করেছেন, এর সবটাই টাকার জন্য করেছেন। আমরা শিগগিরই ওসামা বিন লাদেন হত্যার বদলা নিতে তাঁকে খুঁজে বের করে শাস্তি দেব।’এদিকে কারা কর্তৃপক্ষ জানিয়েছে, নিরাপত্তার কথা বিবেচনা করে চিকিৎসক শাকিলকে কারাগারের একটি বিশেষ সেলে রাখা হয়েছে। তবে তাঁদের আশঙ্কা, কারাগারের ভেতরেই উগ্র জঙ্গিদের হামলার শিকার হতে পারেন তিনি।নাম প্রকাশে অনিচ্ছুক পেশোয়ার কারাগারের একজন কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ! পেশোয়ার কারাগারে হামলার আশঙ্কা রয়েছে।’ তিনি বলেন, শাকিল আফ্রিদিকে জরুরিভিত্তিতে পেশোয়ার কারাগার থেকে ইসলামাবাদে স্থানান্তরের সুপারিশ করা হয়েছে।একটি সূত্র জানিয়েছে, পাকিস্তানের স্বরাষ্ট্র এবং উপজাতিবিষয়ক মন্ত্রণালয়ের কাছেও শাকিলের ওপর হামলা হতে পারে বলে তথ্য রয়েছে। বেশ কয়েকজন উগ্র জঙ্গি যাদের সঙ্গে টিআইপি, আল-কায়েদাসহ অন্যান্য জঙ্গিগোষ্ঠীর সম্পর্ক রয়েছে, তারা কারাগারে হামলা চালানোর পরিকল্পনা নিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে।একটি সূত্রের বরাত দিয়ে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, ইসলামাবাদ কর্তৃপক্ষের কাছে গোয়েন্দারা যে প্রতিবেদন জমা দিয়েছেন, তাতে পেশোয়ার কারাগারে সাজা ভোগ করা শাকিলের জীবনের নিরাপত্তা নিয়ে তাঁরা সংশয় প্রকাশ করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, অবস্থান ও প্রবেশের ক্ষেত্রে সহজগম্যের কারণে পেশোয়ার কারাগার তালেবানের জন্য খুব সহজ ‘টার্গেট’ হতে পারে।গোয়েন্দা সূত্র অনুযায়ী, তালেবানরা পেশোয়ার কারাগারে আক্রমণের পরিকল্পনা নিয়ে এখন সম্ভাব্য দুটি বিকল্প ভাবছে। এর প্রথমটি হচ্ছে, কারাগারে হামলা চালিয়ে শাকিলকে জীবিত অবস্থায় তাদের সঙ্গে নিয়ে যাওয়া। দ্বিতীয়টি হচ্ছে, কারাগারের ভেতরেই তাঁকে হত্যা করা। জি নিউজ।