আল-কায়েদাপ্রধান ওসামা বিন লাদেনকে খুঁজে বের করতে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএকে সহায়তার কারণে নয়, চিকিৎসক শাকিল আফ্রিদির সাজা হয়েছে জঙ্গিসংশ্লিষ্টতার কারণে। গত বুধবার পাকিস্তানের গণমাধ্যম এমন খবর দিয়েছে।আদালতের নথিতে বলা হয়েছে, শাকিলের সঙ্গে নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন লস্কর-ই-ইসলামের সম্পর্ক ছিল। সংগঠনটির প্রধান মঙ্গল বাগের সঙ্গেও তাঁর ঘনিষ্ঠতা ছিল। গতকাল বৃহস্পতিবার শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয় অস্বীকার করেছে লস্কর-ই-ইসলাম। সংগঠনটির একজন মুখপাত্র বলেন, ‘শাকিল একজন বিশ্বাসঘাতক। যখনই সুযোগ হবে, তখনই শাকিলকে আমরা হত্যা করব। যদি সম্ভব হয়, তাহলে জেলখানার ভেতরেই আমরা তাঁকে খুন করব।’ অন্যদিকে নাম প্রকাশ না করার শর্তে লস্কর-ই-ইসলামের একজন কমান্ডার বলেন, শাকিলের সঙ্গে তাঁদের কোনো সম্পর্ক ছিল না। যেখানে পাওয়া যাবে, সেখানেই তাঁকে হত্যা করা হবে। সম্প্রতি পাকিস্তানের একটি আদালত শাকিলকে ৩৩ বছরের জেল দিয়েছেন। ওই আদালত বলেছেন, লস্কর-ই-ইসলাম শাকিলকে ২০ লাখ রুপি দিয়েছে। এ অর্থ দেওয়া হয়েছে জঙ্গি নেতাদের চিকিৎসা ও অস্ত্রপাচারকাজে সহযোগিতার জন্য। যদিও নিষিদ্ধ সংগঠনটি দাবি করেছে, উল্টো ওই অর্থ শাকিলসহ খাইবার এলাকার অন্য চিকিৎসকদের কাছ থেকে জরিমানা হিসেবে তারা আদায় করেছে। এএফপি, পিটিআই।