শানে ব্যাপক ধ্বংসলীলা উদ্ধার তৎপরতা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকস্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পূর্বাঞ্চলীয় শান প্রদেশে গতকাল শনিবার উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। রাস্তাঘাট ভেঙে পড়ায় সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হচ্ছে। নিহতের সংখ্যা না বাড়লেও ক্ষয়ক্ষতির চিত্র ক্রমেই স্পষ্ট হচ্ছে। যুক্তরাষ্ট্র ভূমিকম্পে মিয়ানমারের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেছে।গত বৃহস্পতিবার রাতে রিখটার স্কেলে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকস্পে মিয়ানমারে ৭৪ জন এবং থাইল্যান্ডে একজন নিহত হয়। ওই ভূমিকস্পে লাওস ও ভিয়েতনামের রাজধানী হ্যানয় পর্যন্ত কেঁপে ওঠে।মিয়ানমারের কর্মকর্তারা জানান, ভূমিকম্পে শান প্রদেশের তারলে ও টাকলিক শহর এবং এর পাশের কয়েকটি গ্রাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানকার কাঠের শত শত বাড়িঘর, মঠ ও অনেক সরকারি ভবন বিধ্বস্ত হয়েছে। থাইল্যান্ডের টেলিভিশনে মিয়ানমারের ওই এলাকার যেসব দৃশ্য প্রচার করা হয়েছে তাতে দেখা গেছে, অনেক সড়ক ভেঙেচুরে একাকার। সেতু ভেঙে পড়েছে। সারি সারি কাঠের বাড়িঘর ভেঙে স্তূপাকার হয়ে পড়ে আছে।টাকলিক শহরের একজন বাসিন্দা জানান, ভূমিকম্পে শহরটি পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকজন আরও ভূমিকম্পের আশঙ্কায় আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা বাইরে রাত যাপন করছে। কর্মকর্তারা জানান, রাস্তাঘাট ভেঙে পড়ায় এবং পরিবহন সমস্যার কারণে অনেক এলাকায় যাওয়া সম্ভব হচ্ছে না। সেনাবাহিনীর লোকজন সেখানে যাওয়ার চেষ্টা করছেন।শান ন্যাশনালিটিস ডেমোক্রেটিক পার্টির সদস্য নাই থিন অং জানিয়েছেন, দুর্গত এলাকার টেলিফোন লাইন বিচ্ছিন্ন থাকায় সেখানকার প্রকৃত অবস্থাও তাঁরা জানতে পারছেন না।কর্মকর্তাদের মতে, মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৭৪ জন। তবে দুর্গম এলাকায় পৌঁছানো সম্ভব হলে এ সংখ্যা নাটকীয়ভাবে বেড়ে যেতে পারে।বৃহস্পতিবারের ওই ভূমিকম্পে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলেও অনেক ঘরবাড়ি ও মঠ বিধ্বস্ত হয়েছে। নিহত হয়েছেন একজন।এদিকে যুক্তরাষ্ট্র মিয়ানমারের ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতিতে দুঃখ প্রকাশ করেছে। শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট বারাক ওবামা ও মার্কিন জনগণের পক্ষ থেকে মিয়ানমারের ভূমিকম্পে জীবন ও সম্পত্তির ব্যাপক ক্ষয়ক্ষতিতে আমি সমবেদনা জানাচ্ছি।’ এএফপি।