শান্তি আলোচনা হুমকিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ায় প্রায় পাঁচ বছর ধরে চলা রক্তক্ষয়ী গৃহযুদ্ধ বন্ধ করে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেনেভায় নতুন আরেক দফা অনানুষ্ঠানিক আলোচনা শুরু করতে যাচ্ছে জাতিসংঘ। তবে দেশটির গুরুত্বপূর্ণ শহর আলেপ্পোতে চলা তীব্র লড়াই এ আলোচনাকে হুমকিতে ফেলেছে।
আলোচনা প্রসঙ্গে সিরিয়া-বিষয়ক জাতিসংঘ বিশেষ দূত স্তেফান দ্য মিস্তুরা সতর্ক করে দিয়ে বলেছেন, সিরিয়ায় রাজনৈতিক পরিবর্তন আনতে সরকার ও বিদ্রোহীদের পদক্ষেপ নেওয়া জরুরি ভিত্তিতে প্রয়োজন। তবে সংবাদদাতারা বলছেন, এমন পদক্ষেপের সম্ভাবনা এখনো অন্ধকারেই রয়েছে। আলেপ্পোতে যে লড়াই চলছে তা ছয় সপ্তাহ ধরে চলা নাজুক যুদ্ধবিরতিকে হুমকিতে ফেলছে।
সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোর প্রধান জোট ‘হাই নেগোসিয়েশনস কমিটি’র সদস্যরা গত মঙ্গলবার সুইজারল্যান্ডের জেনেভায় পৌঁছান। সিরিয়ায় রক্তপাত বন্ধের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগে গত জানুয়ারি থেকে শুরু হয়েছে শান্তি আলোচনা। এর ধারাবাহিকতায় তৃতীয় দফা আলোচনা হচ্ছে।
মঙ্গলবার তেহরানে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদোল্লাহিয়ানের সঙ্গে বৈঠকের পর জাতিসংঘের বিশেষ দূত মিস্তুরা বলেন, তিনি চান এ আলোচনা যেন বেশ বাস্তবভিত্তিক হয়। মিস্তুরা বলেন, গত ডিসেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাবের ভিত্তিতে একটি রাজনৈতিক প্রক্রিয়ার ব্যাপারে বিবদমান উভয় পক্ষের সম্মত হওয়াটা এখন খুব জরুরি। এতে একটি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা, একটি নতুন সংবিধান প্রণয়ন ও নির্বাচন অনুষ্ঠান সম্ভব হতে পারে।
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি সামান্থা পাওয়ার সতর্ক করে দিয়ে বলেছেন, আলেপ্পোয় সহিংসতা বেড়ে যাওয়ার ঘটনা শান্তি আলোচনাকে পথচ্যুত করার হুমকিতে ফেলেছে।
যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, মঙ্গলবার আল-ঈস গ্রামের পুনর্নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালাতে গিয়ে সংঘর্ষে বেশ কয়েকজন সরকারি সেনা প্রাণ হারিয়েছেন। দামেস্ক-আলেপ্পো মহাসড়কের কাছের গ্রাম আল-ঈস সম্প্রতি আল-কায়েদা সংশ্লিষ্ট সংগঠন আল-নুসরা ফ্রন্ট দখল করে নেয়।
এদিকে এ প্রেক্ষাপটেই সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল-আসাদের নিয়ন্ত্রিত এলাকায় পার্লামেন্ট নির্বাচন চলছে। প্রেসিডেন্ট বাশারের একনিষ্ঠ মিত্র রাশিয়া বলেছে, এ ভোট শান্তি আলোচনায় বাদ সাধবে না ও এটি সংবিধানসম্মত। তবে একে ধোঁকা আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে বিরোধীরা। বাশারবিরোধী ও তাঁদের সমর্থকেরা বলছেন, এ নির্বাচন অবৈধ ও উসকানিমূলক।
নির্বাচনে প্রায় সাড়ে তিন হাজার প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরিয়ার প্রায় এক-তৃতীয়াংশ এলাকায় ভোট হচ্ছে। এসব এলাকায় দেশের জনসংখ্যার প্রায় ৬০ শতাংশের বাস।