পশ্চিম তীরে ইসরায়েলে বসতি স্থাপনের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বসতি স্থাপন বন্ধ না হলে শান্তি আলোচনা হবে কেবলই ‘সময় নষ্ট’। ইসরায়েল ফের বসতি স্থাপন শুরু করলে তিনি চলমান শান্তি আলোচনা থেকে বেরিয়ে যাবেন বলে জানান। অন্যদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শান্তি-প্রক্রিয়া অব্যাহত রাখতে ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনে ১০ মাসের যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল, গত রোববার মধ্যরাতে তা শেষ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রও বসতি স্থাপন বন্ধ রাখার আহ্বান জানিয়েছে। লক্ষ্য অর্জনে ইসরায়েল ও ফিলিস্তিন দুই পক্ষকেই গঠনমূলক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র পিজে ক্রাউলি বলেছেন, ‘ইসরায়েল ও ফিলিস্তিন উভয় পক্ষের সঙ্গেই আমাদের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। তাঁদের সঙ্গে শিগগিরই আমরা আবার আলোচনায় বসব। দুই পক্ষের সমঝোতামূলক সমাধানের ওপরই আমরা গুরুত্ব দিচ্ছি। দুটি পক্ষই লক্ষ্য অর্জনে গঠনমূলক পদক্ষেপ গ্রহণ করুক, সেটাই আমরা চাই।’নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী গতকাল এক বিবৃতিতে ফিলিস্তিনি প্রেসিডেন্টকে শান্তি-প্রক্রিয়া ত্যাগ না করার আহ্বান জানান। তিনি বলেন, ‘মাহমুদ আব্বাসের উচিত শান্তি আলোচনা চালিয়ে নেওয়া। এ আলোচনা চালিয়ে নেওয়া গেলে ঐতিহাসিক শান্তিচুক্তিতে পৌঁছানো সম্ভব।’পশ্চিম তীরে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার আহ্বান জানিয়ে মাহমুদ আব্বাস বলেছেন, বসতি স্থাপনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শান্তিচুক্তি সম্ভব নয়। তিনি বলেন, আগামী ৪ অক্টোবর আরব নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। এরপর ভবিষ্যৎ করণীয় ঠিক করা হবে।মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনা বলেছেন, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও চান, শান্তি আলোচনা অব্যাহত থাকুক। কিন্তু সেই আলোচনার জন্য উন্মুক্ত পরিবেশ তৈরিতে নেতানিয়াহুকে বসতি স্থাপনে নিষেধাজ্ঞা অব্যাহত রাখতে হবে।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ইসরায়েলের বসতি স্থাপনের নিষেধাজ্ঞার সময়সীমা গত রোববার রাতে শেষ হয়ে যাওয়ার আগে নেতানিয়াহু ও যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের সঙ্গে আলোচনা করেছেন। মধ্যপ্রাচ্য বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, রাশিয়া, জাতিসংঘ ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন ব্লেয়ার।এদিকে গত রোববার সন্ধ্যায় পশ্চিম তীরে বন্দুকধারীদের গুলিতে এক ইসরায়েলি দম্পতি আহত হয়েছেন। ইসরায়েলের পুলিশ বলেছে, ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে এ ঘটনা ঘটেছে। বিবিসি ও এএফপি।